পাথরঘাটায় রিজার্ভ পুকুর রক্ষা ও পানির দাবিতে মানববন্ধন
‘পানির দেশে পানি নাই, সুপেয় পানির ব্যবস্থা চাই’ এ স্লোগান নিয়ে পাথরঘাটা পৌরশহরের ঐতিহ্যবাহী রিজার্ভ পুকুর রক্ষার দাবিতে প্রতীকী অনশন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে পুকুর খনন করা, ওয়াল নির্মাণ করা, অবৈধ উচ্ছেদ করা, মানসম্মত ফিল্টার নির্মাণ করার দাবি জানানো হয়।
পাথরঘাটা উপজেলা সম্মিলিত স্বেচ্ছাসেবি ফোরামের অংশগ্রহণে রোববার সকাল সাড়ে ১০টায় পৌর শহরের জীবন রক্ষাকারী ও প্রাণখ্যাত রিজার্ভ পুকুর পাড়ে শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। এ কর্মসূচির পরে বরগুনা জেলা প্রশাসক ও বরগুনা-২ আসনের এমপি সুলতানা নাদিরার নিকট স্বারকলিপি প্রদান করা হয়।
এসময় বক্তব্য দেন- পাথরঘাটা উপজেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের সাধারণ সম্পাদক সমাজকর্মী মেহেদী শিকদার, সাংবাদিক অমল তালুকদার, সমাজকর্মী মো. নয়ন মিয়া, স্বপ্ন ছোঁয়ার প্রতিষ্ঠাতা মো. ইউসুফ, সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন প্রমুখ। এ সময় পুকুর পাড়ের বাসিন্দা, ব্যবসায়ী, পুকুরের পানির ওপর জীবিকার নির্ভরশীল একাধিক পানি ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, এই পুকুরের পানি প্রতিদিন হাজার হাজার মানুষের প্রাণের চাহিদা মিটায়। কিন্তু এখানে কিছু অসাধু লোকের কারণে পুকুরটি দীর্ঘ বছর ধরে অরক্ষিত রয়েছে। পাশাপাশি প্রায় অর্ধশত পাইপ দিয়ে অবৈধভাবে পানি নেওয়া হচ্ছে। শুধু তাই নয়, পুকুরের চারপাশ ভরাট করে দখল করেছে অসাধুরা। এ বিষয় পৌর কর্তৃপক্ষের ও প্রশাসনের কোনো নজর নেই।
বক্তা আরও বলেন, পুকুরের চারপাশে গরুর মুত্রের অভাব নেই, নিরুপায় হয়ে এই নষ্ট পানিই ব্যবহার করতে হচ্ছে। তিনি বলেন, ১৫ দিনের মধ্যে পাইপসহ অবৈধ স্থাপনা সরিয়ে নিতে হবে। তা না হলে আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো। এসময় খাল ও পুকুর খনন প্রকল্পের আওতায় এই পুকুরটি খনন করার দাবি জানানো হয।
পাথরঘাটা পৌরসভা ১৩ বর্গকিলোমিটার ও এর আশপাশের এলাকার জনসাধারণের একমাত্র ভরসাস্থল রিজার্ভ পুকুরটি। সীমানা প্রাচীর না থাকায় এবং অব্যবস্থাপনা ও সংস্কারের অভাবে পুকুরের পার যাচ্ছে দখলদারদের দখলে। অযত্নের কারণে এ পুকুর থেকে পানি সংগ্রহ করতেও হিমশিম খাচ্ছে জনসাধারণ।
এদিকে বরগুনার পাথরঘাটায় খাবার পানির তীব্র সংকট থাকে সব সময়। শুষ্ক মৌসুম এবং বৃষ্টি না হওয়ায় বেশিরভাগ পুকুর শুকিয়ে যায়। এক কলস পানি নেওয়ার জন্য দীর্ঘ লাইন তারপরও কাঙ্ক্ষিত পানি পেতে হিমশিম খেতে হয় সাধারণ মানুষকে।
পাথরঘাটা পৌরসভার কয়েকটি পুকুরে সামান্য পানি থাকলেও খাবার ও রান্না করার জন্য পৌরবাসীদের ভরসা এই রিজার্ভ পুকুরটি। সারা বছরই রিজার্ভ পুকুরের পানির ওপর ভরসা করে থাকে পাথরঘাটা পৌরসভা আবাসিক এলাকাসহ বাণিজ্যিক এলাকা।
সরকারি-বেসরকারি চাকরিজীবীরাও সকাল হলেই মোটরসাইকেলে কলস, বোতল নিয়ে সারিবদ্ধভাবে পানি নেওয়ার জন্য অপেক্ষা করেন। এছাড়াও রিকশাভ্যানের মাধ্যমে রিজার্ভ পুকুরের ফিল্টের পানি নিতে প্রতিদিনই দেখা যায় প্রতিযোগিতা।
