পদ্মা নদীতে ডাকাতি করতে গিয়ে আটক ৩ ডাকাত
পদ্মানদীর জাজিরা অঞ্চলের কুন্ডেরচর ইউনিয়নের চিটারচর এলাকায় ট্রলার নিয়ে ডাকাতি করতে গিয়ে নৌ-পুলিশের হাতে আটক হয়েছে মুন্সিগঞ্জ জেলার ৩ জন ডাকাত। শুক্রবার সকাল সারে ৯ টার সময় মাঝীরঘাট নৌ-পুলিশের সদস্যরা তাদের আটক করেন।
আটককৃতরা হলেন, মুন্সিগঞ্জের লৌহজং থানার শামুর বাড়ি গ্রামের মৃত হোসেন মাদবরের দুই ছেলে পূর্বের ৫ টি চাঁদাবাজি মামলার আসামি রুবেল মাদবর(৩০) ও পূর্বের ২ টি চাঁদাবাজি মামলার আসামি আল আমিন(২২) এবং অপরজন হলেন একই এলাকার কুরবান ঢালির ছেলে পূর্বের ১ টি মামলার আসামি মাসুম ঢালি(৪০)।
মাঝীরঘাট ফাঁড়ির নৌ-পুলিশ সূত্রে জানা যায়, তাদের নিয়মিত টহলের অংশ হিসেবে পদ্মানদীর জাজিরা প্রান্তে টহল দেয়ার সময় ডাকাতির সংবাদ পেয়ে চিটারচর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাঝীরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ইঞ্জিন চালিত একটি ট্রলার, কয়েকটি দেশীয় অস্ত্র এবং কিছু টাকা জব্দ করা হয়।
মাঝীরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনিচার্জ (আইসি) ইন্সপেক্টর মো: জসিম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মুন্সিগঞ্জের লৌহজং থানার শামুর বাড়ি গ্রামের বাসিন্দা ডাকাত চক্রের ৩ সদস্যকে আটক করেছি আমরা। তাদের বিরুদ্ধে জাজিরা থানায় পেনাল কোডের ৩৯২ ধারায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।
