‘এক লাখ মানুষের রোজগারের প্রত্যক্ষ সহযোগী নাবিল গ্রুপ’
নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও কৃষিবিদ মো. আমিনুল ইসলাম বলেছেন, ‘প্রায় এক লাখ মানুষের রুটি-রোজগারের প্রত্যক্ষ সহযোগী নাবিল গ্রুপ। ২০২৩-২৪ অর্থবছরে নাবিল গ্রুপের আমদানিকৃত পণ্যের মোট মূল্য ছিল ১২১ কোটি ডলার। গ্রুপটি এখন বিলিয়ন ডলার বা শতকোটি ডলার ক্লাবের অন্যতম সদস্য। কিন্তু গত দুই বছরে এ প্রতিষ্ঠানের ব্যাংক ঋণ নিয়ে গণমাধ্যমে সব খবর প্রচার হয়েছে তাতে প্রতিষ্ঠানটির মর্যাদা ক্ষুন্ন হয়েছে। প্রতিষ্ঠানটি চাইলে ৬ মাসের মধ্যে সকল ব্যাংক ঋণ পরিশোধ করতে পারে। সেই সক্ষমতা নাবিল গ্রুপের রয়েছে।’
আজ শনিবার দুপুরে রাজশাহীর পবা উপজেলার বড়গাছিতে নাবিল ইন্ডাস্ট্রিয়াল পার্কে আয়োজিত পার্টনারস মিট-২০২৪ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
দেশের ভোগ্য পণ্যের বাজারে নাবিল গ্রুপ বড় আমদানিকারক হয়ে উঠেছে জানিয়ে কৃষিবিদ মো. আমিনুল ইসলাম বলেন, বাংলাদেশের খাদ্য ও কৃষিপণ্য সরবরাহ এবং প্রক্রিয়াজাতকরণে এক যুগেরও বেশি সময় ধরে বিশেষ ভূমিকা রেখে চলেছে নাবিল গ্রুপ। প্রতিষ্ঠানটি গম, মসুর ডাল, মটর ডাল ও সয়াবিন মিলসহ বেশ কয়েকটি পণ্যের বড় আমদানিকারক। চলতি বছরের প্রথম আট মাসে দেশের মোট গম আমদানির ২৪ দশমিক ৪৭ শতাংশ, মসুর ডালের ৪৯ দশমিক ৩৫ শতাংশ এবং মটর ডালের ৫৬ দশমিক ৮৩ শতাংশ হয়েছে নাবিল গ্রুপের মাধ্যমে।
তিনি আরও বলেন, নৈতিকতা ও গুণগতমানে আপোষহীন নাবিল গ্রুপ পণ্য আমদানি ছাড়াও কিছু ভোগ্য পণ্য উৎপাদনের মাধ্যমে বাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে চাল উৎপাদনে এই গ্রুপ দেশের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। নাবিল গ্রুপ বর্তমানে দ্বিতীয় বৃহত্তম চাল উৎপাদনকারী প্রতিষ্ঠান। গ্রুপের দৈনিক চাল উৎপাদনের সক্ষমতা ১ হাজার ৩৬৪ টন।
অনুষ্ঠানে প্রশাসন ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন পেশাজীবী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে আমন্ত্রিত অতিথি হিসেবে সহস্রাধিক পার্টনার/ডিলার অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।
