সন্ধান নেই অপহৃত ব্যাংক ম্যানেজারের, ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি
বান্দরবানে ব্যাংকে তাণ্ডব-লুটপাট
চট্টগ্রাম সংবাদদাতা
বান্দরবানের রুমায় ব্যাংক ডাকাতির পর অপহৃত সোনালী ব্যাংকের ম্যানেজার নিজাম উদ্দীনকে এখনও উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এরমধ্যে পরিবারের কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা।
পরিবার সূত্রে জানা যায়, বুধবার (৩ এপ্রিল) রাতে তাদের সঙ্গে অপহরণকারীরা যোগাযোগ করেছে। সে সময় তারা মুক্তিপণ দাবি করে।
বান্দরবান জেলা প্রশাসক শাহ্ মুজাহিদ উদ্দীন জানান, আমরা অপহৃত সোনালী ব্যাংকের ম্যানেজার নিজাম উদ্দীনকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আজ-কালকের মধ্যে তাকে ছেড়ে দিতে পারে অপহরণকারীরা।
অপহৃত ম্যানেজার নেজাম উদ্দিন কক্সবাজারের চকরিয়ার বিএমচর ইউনিয়নের বাক্যারপাড়া এলাকার মৃত ইমাম উদ্দিনের ছেলে। চার ভাই ও চার বোনের মধ্যে নেজাম তৃতীয়। ২০১৫ সালে তিনি সোনালী ব্যাংকে যোগ দেন।
২০১৮ সালে বান্দরবান জেলার রোয়াংছড়ি শাখায় সিনিয়র অফিসার হিসেবে কাজ শুরু করেন। পরে ২০২১ সালে ব্যবস্থাপক পদে পদোন্নতি ও রুমা শাখার দায়িত্ব পান। তার স্ত্রী বান্দরবান ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষক।
এদিকে, ব্যাংকে সন্ত্রাসী হামলা ও টাকা লুটের পর কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ’র সাথে সব ধরনের সংলাপ ও যোগাযোগ বন্ধ করে দিয়েছে শান্তি প্রতিষ্ঠা কমিটি। সেই সাথে এ ঘটনার জন্য নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে কমিটির সদস্যরা।
আজ বৃহস্পতিবার সকালে বান্দরবান জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিটির সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। বৈঠকে শান্তি প্রতিষ্ঠা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত মঙ্গলবার (২ এপ্রিল) রাতে উপজাতি সন্ত্রাসী কেএনএফের সশস্ত্র সদস্যরা বান্দরবানের রোমা উপজেলায় সোনালি ব্যাংকে লুটপাট চালায়। তবে ব্যাংকের ভল্ট থেকে টাকা নিতে না পেরে তারা ম্যানেজার নিজাম উদ্দিনকে অপহরণ করে নিয়ে যায়। সে সময় ব্যাংকের নিরাপত্তার কাজে নিয়োজিত পুলিশ ও আনসার বাহিনীর ১৪টি অস্ত্র ও ৪ শতাধিক গোলাবারুদ লুট করে নিয়ে যায়। পরদিন দুপুরে থানচিতে আরও ২টি ব্যাংকে লুটপাট চালায় এই পাহাড়ি সন্ত্রাসী গোষ্ঠী।
