দোহারে ক্লাব কমিটি গঠনের পক্ষে না থাকায় ভাইকে পিটিয়ে আহত
ঢাকার দোহারের কাটাখালী যুব সংঘের নতুন কমিটি গঠন নিয়ে নিজের পক্ষে না থাকায় ছোট ভাইকে পিটিয়ে আহত করার অভিযোগ ওঠেছে। এই ঘটনায় আহত ইমরান খান (৩৮) বাদী হয়ে বৃহস্পতিবার দোহার থানায় একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, কাটাখালী যুব সংঘের নতুন কমিটি গঠনের জন্য বলেন ওই এলাকার কামরুল খানসহ আরও বেশ কয়েকজন। এ নিয়ে কামরুল খানের ভাই ইমরান খান পক্ষে না থাকায় তাদের মধ্যে দ্বন্দের সৃষ্টি হয়। বুধবার দুপুরে এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কামরুল খান ও তার দুই ছেলে হাতুড়ি দিয়ে ইমরানের মাথায় আঘাত করলে গুরুতর আহত হন। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
ঘটনার বিষয়ে আহত ইমরান খান বলেন, আমার ভাই সভাপতি হতে চান, একজন অযোগ্য মানুষ কেন সভাপতি হবে? আর বর্তমান কমিটি সময় মতো কমিটি গঠন করবে নিয়ম অনুযায়ী। আমি এর প্রতিবাদ করায় আমাকে মারধর করেছে। আমি এর বিচার চাই। এ বিষয়ে অভিযুক্ত কামরুল খান জানান, ক্লাবের কমিটি গঠন নিয়ে আমার বিপক্ষে কাজ করেছে ইমরান। এ নিয়ে আমাদের মধ্যে হাতাহাতি হয়। এসময় পড়ে গিয়ে আহত হয় ইমরান।
এ ব্যাপারে অভিযোগের তদন্ত কর্মকর্তা দোহার থানার এসআই হাচান আলী বলেন, মারামারির ঘটনায় একটি অভিযোগ করা হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
