খুলনায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ১২৫ কোটি টাকার ক্ষতি
রূপসা উপজেলার সালাম জুট মিলস্ এর পাট গুদামে ভয়াবহ অগ্মিকাণ্ডের ঘটনা ঘটেছে। মালিক পক্ষের দাবি, এতে প্রায় ১২৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
জানা যায়, গত বুধবার বিকাল ৫টার দিকে জাবুসা চৌ রাস্তামোড়স্থ এলাকায় অবস্থিত সালাম জুট মিলস-এর ৩নং গুদামে অগ্নিকাণ্ডের সূচনা হয়। মূহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশ্ববর্তী ২টি গুদামে ছড়িয়ে পড়ে। এসময় গুদামে কর্মরত শ্রমিকরা ভয়ে গুদাম থেকে বের হয়ে আসে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট অগ্নিনির্বাপণ কাজে সহায়তা করছে। প্রতিষ্ঠানের ম্যানেজার বশির আহম্মেদ জানান, ৩নং গুদামে অবস্থিত ১টি মেশিনে যান্ত্রিক ত্রুটির কারণে শর্টসার্কিট হয়ে অগ্নিকাণ্ডের সূচনা হয়। অল্প সময়ের মধ্যে ২ নং এবং ১ নং গুদামেও অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে।
প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী এমএমএ সালাম সাংবাদিকদের জানান, ৩টি গুদামে উৎপাদিত পণ্য ছিলো ৭৫০ টন, যার আনুমানিক মূল্য ১ কোটি ৫০ লাখ টাকা এবং কাঁচাপাট ছিলো ১৩০০ টন, যার আনুমানিক মূল্য প্রায় ২০ কোটি। তিনি জানান, সব মিলে প্রায় ১২৫কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিসের বিরুদ্ধে অভিযোগ করে এমএমএ সালাম বলেন, ওই টিম আন্তরিকতার সাথে কাজ করছে না। তারা রুমের ভেতরে প্রবেশ না করে বাইরে থেকে দায়সারা ভাবে আগুন নেভানোর চেষ্টা করছে। এ ব্যাপারে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (খুলনা) ফারুক হোসেন শিকদার বলেন, ফায়ার সার্ভিস তাদের সাধ্যমত চেষ্টা করছে আগুন নেভানোর জন্য। ওই প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপকের কোনও ব্যবস্থা না থাকায় তিনি মালিকের বিরুদ্ধে অভিযোগ করেন।
তিনি জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে খুলনা, রূপসা, বাগেরহাট অঞ্চল থেকে ১১টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে। রাত ১১টা ২০মিনিট পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
