আদিতমারীতে মূল্যছাড়ে ইফতারসামগ্রী বিক্রি
দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস সাধারণ জনগণের। বাজারে ইফতার পণ্য কিনতে হিমশিম খেতে হয় স্বল্প আয়ের মানুষদের। তাদের কথা চিন্তা করে রমজানের শুরু থেকেই বিশেষ মূল্যছাড় দিয়ে ইফতারসামগ্রী বিক্রয় করার উদ্যোগ নেয় লালমনিরহাটের আদিতমারী উপজেলার চন্দনপাট বেলতলী গণগ্রন্থাগার। আর এই উদ্যোগ বাস্তবায়নে এগিয়ে আসে গণগ্রন্থাগারটির শুভাকাঙ্ক্ষী ডা. ইদ্রিস আলী নামের একজন ব্যক্তি। ডা. ইদ্রিস আলির অর্থায়নে প্রতিদিন ওই এলাকার প্রায় তিন শতাধিক রোজাদার পরিবার ২০ শতাংশ বিশেষ ছাড়ে ইফতার সামগ্রী কিনতে পারছেন।
স্থানীয়রা জানায়, রমজানের শুরু থেকে গণগ্রন্থাগারটি প্রতিদিন প্রায় ৩০০ স্বল্প আয়ের মানুষের কাছে বিভিন্ন ইফতার সামগ্রী যেমন ছোলা, বুট, খেজুর, মুড়ি, পেঁয়াজ, সেমাই ইত্যাদি বাজার মূল্যের চেয়ে ২০ শতাংশ ছাড়ে বিক্রি করছেন। রমজানের শুরু থেকেই এমন বিশেষ ছাড়ে ইফতার সামগ্রী ক্রয়ের সুযোগ পেয়ে সাধারণ ক্রেতারা অনেক খুশি।
ইফতারসামগ্রী ক্রয় করতে আসা রেজাউল জানান, ‘কমদামে ইফতার ক্রয় করতে পেরে ভালো লাগছে। বাজার মূল্যের চেয়ে ১০০ টাকা কমে কিনতে পেরেছি। প্রতিদিনই এখানে কমদামে পণ্য সামগ্রী পাওয়া যায়।’
অপর ক্রেতা আমিনা বেগম বলেন, ‘কমদামে ইফতার পাওয়ায় কিছু অর্থ বেঁচে গেলো। বেচে যাওয়া অর্থ আগামীকাল ইফতার কিনতে কাজে লাগবে। আয়োজকদের ধন্যবাদ জানাই।’
গণগ্রন্থাগারের সভাপতি মতিউর রহমান বলেন, ‘রমজানে বিশ্বের অন্য অনেক দেশে ব্যবসায়ীরা কম দামে পণ্য বিক্রয় করার চেষ্টা করলেও বাংলাদেশের ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দেয়। এতে সাধারণ ক্রেতাদের ভোগান্তি হয়। ক্রেতারা আমাদের এই দোকান থেকে প্রত্যেকটি পণ্যের একটি করে প্যাকেট ক্রয় করতে পারছেন।’ তিনি আরও বলেন, ‘দেশের বড় ব্যবসায়ীরা এই উদ্যোগ দেখে অনুপ্রাণিত হয়ে সাশ্রয়ী দামে বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে নিম্নবিত্ত মানুষদের উপকারে অবদান রাখতে পারেন’।
