পলাশে বিধবা হত্যার রহস্য উদঘাটন
নরসিংদীর পলাশের বিধবা দেলোয়ারা বেগম (৬০) হত্যার রহস্য উদঘাটন করেছে জেলা পুলিশ। রোববার জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তথ্য ও প্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডের সাথে জড়িত মঞ্জুরুল ইসলাম হৃদয় (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার হেফজতে থাকা হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বটি, লুণ্ঠিত একটি মোবাইল ফোন, ১ জোড়া স্বর্ণের কানের দুল, একটি নাকফুল এবং হত্যাকাণ্ডের সময় আসামির পরনে থাকা একটি ট্রাউজার ও একটি শার্ট উদ্ধার উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত মঞ্জুরুল ইসলাম হৃদয় নরসিংদী সদর উপজেলার চিনিশপুর পশ্চিমপাড়া গ্রামের পিতা-মাইন উদ্দিন মিয়ার ছেলে। সোমবার বেলা সাড়ে নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম।
সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ২৬ মার্চ সন্ধ্যা ৭টার দিকে পলাশ উপজেলার চরনগরদী গ্রামের মৃত মালেক দেওয়ানের বিধবা স্ত্রী দেলোয়ারা বেগমকে কে বা কারা বাড়িতে ঢুকে তার শয়ন কক্ষে গলা কেটে হত্যা করে। এ ঘটনায় ৩০ মার্চ পলাশ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম এর নির্দেশে তদন্তে নামে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রোববার জেলার জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডের সাথে জড়িত ওই যুবককে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হৃদয় হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানান পুলিশ সুপার।
