বিএনপিকে দূরবীক্ষণ দিয়েও খুঁজে পাওয়া যাবে না: বাহাউদ্দিন নাছিম
‘আওয়ামী লীগ বেপরোয়া হয়ে ওঠেছে’ মির্জা ফখরুল ইসলাম আলমগীর- এর এমন মন্তব্যের কঠোর সমলোচনা করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের এমপি আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, আওমায়ী লীগের নেতাকর্মীদের গালিগালাজ করায় বিএনপি রসাতলে যাচ্ছে, আগামীতে বিএনপিকে দূরবীক্ষণ যন্ত্র দিয়েও খুঁজে পাওয়া যাবে না। সোমবার সকালে মাদারীপুরের কুকরাইল এলাকায় তার নিজ বাসভবনে স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
বাহাউদ্দিন নাছিম বলেন, ১৭ কোটি মানুষের প্রিয় দল আওয়ামী লীগ। মির্জা ফকরুল ইসলাম আলমগীরের পূর্ব পুরুষরা পাকিস্তানিদের দালাল ছিল। তারা স্বাধীনতাবিরোধী আলবদরের দালাল ছিল, এটা প্রমাণিত। সেই সাম্প্রদায়িক রাজনীতি, বিএনপি এখনও সমর্থন করে। সেই স্বৈরাচার রাজনীতিকে বিএনপি বাংলাদেশে ফিরিয়ে আনতে চায়। সেটা কোনদিনই বাস্তবায়ন হবে না।
ঢাকা-৮ আসনের এই সংসদ সদস্য বলেন, বিএনপি বিদেশি প্রভুদের কাছে আত্মসমার্পণ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে চেয়েছিল। দেশের মানুষের প্রতি সম্মানবোধের জায়গাটি ভুলে গিয়ে রাজনৈতিক নেতৃত্ব হারিয়ে দেউলিয়া হয়ে বিদেশিদের কাছে নালিশ করেছে। তাদের কাছে ধর্না দিয়েছিল। কোনও কোনও বিদেশী প্রভুদের পেসক্রিপশন অনুযায়ী আন্দোলনের নামে নাটক করেছে, মানুষকে জালিয়ে পুড়িয়ে মেরেছে। যা সারা দেশের মানুষ দেখেছে।
বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপি সন্ত্রাস শুরু করেছিল। মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে তাদের মধ্যে ভয়ভীতি ঢুকিয়ে দিতে চেয়েছিল। তারা সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। এটা ইতিহাস, তাদের ঐতিহ্য। এই ঐতিহ্যের জায়গায় দাঁড়িয়ে দেশের মানুষকে ভয় দেখিয়েও কোনও লাভ হয়নি। বিএনপির এই কর্মকাণ্ডে মানুষ ভয় না পেয়ে বরং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লাইনে দাঁড়িয়ে থেকে আওয়ামী লীগকে ভোট দিয়েছে। এই ভোট কেন্দ্রে ভোটারদের শান্তিপূর্ণ উপস্থিতি এটা শুধু বাংলাদেশের মানুষই নয়, সারাবিশ্ব দেখেছে। এই নির্বাচন বানচাল করার চেষ্টা বিএনপি ব্যর্থ হয়েছে।
এ সময় মাদারীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মাদারীপুর কলেজের সাবেক ভিপি বজলুর রহমান মন্টু খান, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. খালিদ হোসেন ইয়াদ, সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলার চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খানসহ অনেকেই উপস্থিত ছিলেন।
