ঝালকাঠিতে ৩ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামা গ্রেপ্তার
প্রতীকী ছবি
ঝালকাঠিতে ৩ বছরের শিশুকে ধষর্ণের অভিযোগ ওঠেছে দুঃসম্পর্কের মামা সাজ্জাদের (১৭) বিরুদ্ধে। এ ঘটনায় রোববার রাতে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত ৮টার দিকে পূর্ব চাঁদকাঠি ব্র্যাক মোড় এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মহিতুল ইসলাম।
অভিযুক্ত সাজ্জাদ সদর উপজেলার কৃতিপাশা এলাকার শাহাদাত হোসেনের ছেলে।
ভুক্তভোগী শিশুর মা জানান, আমার স্বামীর সঙ্গে ঝামেলা থাকার কারণে আমি আর মেয়ে ব্রাকমোড় আমার বাবার বাড়িতে থাকি। সাজ্জাদ আমার মেজো ভাইয়ের শালা ও আমাদের বাড়িতে বেড়াতে এসেছিল। আমি নামাজ পড়ছিলাম আর আমার মা ঘুমিয়ে ছিলেন। এই সুযোগে মেয়েকে একা পেয়ে ধর্ষণ করে। পরে আমার বোন টের পাইলে সে মোবাইল রেখে পালিয়ে যায়। পরে আমার মেয়ে অসুস্থ হয়ে পড়লে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসলে ভর্তি করা হয়।
ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. টিএম মেহেদী হাসান সানি বলেন, রোববার রাতে হাসপাতালে তিন বছরের এক শিশুকে নিয়ে আসা হয়। পরিবারের দাবি, তাকে ধর্ষণ করা হয়েছে। বর্তমানে ভুক্তভোগী হাসপাতালে ভর্তি আছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিতুল ইসলাম বলেন, তিন বছরের শিশু ধর্ষণের অভিযোগে রাতেই অভিযুক্তকে গ্রেপ্তর করা হয়েছে।
