নেত্রকোণায় গাছে ঝুলছিল কৃষকের লাশ, পরিবারের দাবি হত্যা
নেত্রকোণার দুর্গাপুরে আবদুর রহিম (৩০) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার চন্দ্রকোনা গ্রামের আত্রাখালী নদীপাড়ের একটি গাছের ডালের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় লাশটি। আব্দুর রহিম এই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। রহিমকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে বলে দাবি করেছে তার পরিবার।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, আবদুর রহিম শনিবার রাত সাড়ে ৯টার দিকে তার কৃষি জমিতে পানি সেচ দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরে রোববার সকাল ৮টার দিকে মা হালেমা খাতুন রহিমকে খুঁজতে বের হন। এ সময় আত্রাখালী নদীপাড়ের একটি গাছের সাথে রহিমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি। ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে পুলিশকে খবর দেয়।
নিহতের চাচা আহমদ আলী বলেন, আমার ভাবী সকালে বাড়ি থেকে খুঁজতে বের হয়ে নদীর পাড় দিয়ে যাওয়ার সময় একটা গাছে রহিমকে ঝুলে থাকতে দেখেন। রহিম আত্মহত্যা করেছে এমন কিছু লক্ষণ তার শরীরে দেখা যাচ্ছে না। কেউ তাকে খুন করে ঝুলিয়ে রেখেছে বলে আমাদের ধারণা।
দুর্গাপুর সার্কেলের এএসপি মোহাম্মদ আক্কাস আলী জানান, রহিমের লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের লোকজন ঘটনাটিকে হত্যা বলে দাবি করছেন। পুলিশ সবদিক মাথায় রেখে তদন্ত শুরু করেছে।
