বরগুনায় জুয়ার আসর থেকে দুই ইউপি সদস্যসহ আটক ৪
বরগুনার আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের দুই ইউপি সদস্য সোলেমান মৃধা ও আব্দুল বাতেন দেওয়ানসহ ৪ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে গাজীপুর বন্দর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এ ঘটনার তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা হয়েছে। শুক্রবার পুলিশ তাদের আমতলী সিনিয়র জুডিশিয়াল আদালতে পাঠিয়েছে। আদালতের বিচারক মো. আরিফুর রহমান তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
জানা গেছে, উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য সোলেমান মৃধা ও ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল বাতেন দেওয়ান গত কয়েক বছর ধরে এলাকায় জুয়ার দল গঠন করে জুয়া খেলে আসছে।
শুক্রবার দিবাগত রাত ১২ টার দিকে গাজীপুর বন্দরের একটি ঘরে ইউপি সদস্য সোলেমান মৃধা ও আব্দুল বাতেন দেওয়ানসহ ৮-১০ জন জুয়া খেলছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ওই ঘর থেকে সোলেমান মৃধা ও আব্দুল বাতেন দেওয়ানকে আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য জুয়াড়িরা পালিয়ে যেতে চেষ্টা করে। পরে ইউসুফ ও আব্দুল আউয়াল নামের আরও দুই জনকে আটক করা হয়। তাদের কাছে থাকা তাস ও নগদ টাকা জব্দ করা হয়েছে।
এ ঘটনায় আমতলী থানার ইউপি সদস্য সোলেমানকে প্রধান আসামী করে চারজনের বিরুদ্ধে জুয়া আইনে মামলা হয়েছে। শুক্রবার পুলিশ তাদের আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। বিকালে আদালতের বিচারক মো. আরিফুর রহমান তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, দুই ইউপি সদস্যসহ ৪ জুয়াড়িকে আদালতে পাঠানো হয়েছে। আদালত থেকে তাদের জেল হাজতে প্রেরণ করেছে।
