পদ্মা সেতুতে হাঁটলেন ভুটানের রাজা
পদ্মাসেতু ঘুরে দেখলেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। এসময় তিনি সেতুতে হেঁটে প্রমত্তা পদ্মার রূপ অবলোকন করেন।
বিষয়টি নিশ্চিত করে পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী রজব আলী। তিনি জানান, ভুটানের রাজার গাড়িবহর বুধবার সকাল ৯টা ১০ মিনিটে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্ত দিয়ে পদ্মা সেতুতে ওঠে। মাঝে ১৮ নম্বর পিলারের কাছে সেতুতে নেমে প্রায় ১০ মিনিট সময় কাটিয়ে তিনি শরীয়তপুরের জাজিরা প্রান্তে পৌঁছান ৯টা ৩০ মিনিটে। এরপর ফিরতি যাত্রায় মাত্র ৫ মিনিটে ৬.১৫ কিলোমিটার দীর্ঘ সেতু পেরিয়ে আবার মাওয়ায় ফেরে তার গাড়িবহর।
এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ভুটানের রাজার সঙ্গে ছিলেন। পদ্মা সেতুতে রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকের কয়েকটি ছবি ফেসবুকে শেয়ার করেছেন প্রতিমন্ত্রী।
প্রসঙ্গত, ২০২২ সালের ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহু প্রতীক্ষিত পদ্মা সেতু উদ্বোধন করেন। পরদিন থেকে সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।
নির্বাহী প্রকৌশলী জানান, ভুটানের রাজা মাওয়ায় সেতুর সার্ভিস এরিয়া-২ পৌঁছলে সেতু কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন তাদের অভ্যর্থনা জানান। সেখানে সেতু সম্পর্কে ব্রিফ করেন প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম।
ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসিলসহ রাজার সঙ্গে আসা দেশটির প্রতিনিধি দলের সদস্যরাও পদ্মা সেতু ভ্রমণের সময় উপস্থিত ছিলেন। ভুটানের রাজার আগমনে পুরো সড়ক পথে নিরাপত্তা জোরদার করা হয়। বাংলাদেশের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে সোমবার ঢাকা পৌঁছান ভুটানের রাজা। সোমবার বিকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন এবং তাদের উপস্থিতিতে তিনটি সমঝোতা স্মারক স্বাক্ষর এবং একটি চুক্তি নবায়ন হয় বলে জানা যায়।
