চুয়াডাঙ্গায় কষ্টিপাথর সিন্ডিকেটের ৬ সদস্য গ্রেপ্তার, ১২ লাখ টাকা জব্দ
দেশের বিভিন্ন জেলার কষ্টিপাথর সিন্ডিকেট ৬ সদস্যকে ১২ লাখ টাকা, একটি মাইক্রোবাস বেশ কয়েকটি মোবাইলসহ চুয়াডাঙ্গা বিজিবি-৬ টহলদল দর্শনার আঞ্চলিক সড়ক থেকে আটক করেছে। মঙ্গলবার রাতে তাদেরকে আটক করা হয়। চুয়াডাঙ্গা বিজিবি-৬ পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান বুধবার দুপুরে ৬ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার তদন্তকারি কর্মকর্তা দর্শনা থানার সাব ইন্সপেক্টর মো. টিপু সুলতান জানান, কুষ্টিয়া মিরপুরের তরিকুল ইসলাম (৪৫), কুষ্টিয়া সদরের কামরুজ্জামান লিটন (৫২), ফরিদ হোসেন (৫৭), শহিদুল ইসলাম(৫৮), শৈলকুপার মনির হোসেন ও ফেনি জেলার রতন সাহা (৫০), মাইক্রোবাস নিয়ে ওইদিন সন্ধ্যার পর দর্শনা এলাকায় কষ্টিপাথরের মূর্তি কেনার জন্য আসেন পরে বিজিবির হাতে আটক হয় তারা।
চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ন বিজিবির টহলদলের কমান্ডার হাবিলদার মন্টু জানান, গোপন সংবাদ পেয়ে তাদেরকে দর্শনা থানার দোস্তগ্রাম-জয়রামপুর গ্রামের আঞ্চলিক সড়কের মাঝামাঝি মাইক্রোবাস থামিয়ে তল্লাশি করেন। গাড়িতে অন্যান্য মালামাল না পাওয়ায় তাদেরকে ১২ লাখ টাকা ৬টি মোবাইল ও মাইক্রোবাসসহ ৬ জনকে মঙ্গলবার রাত ৯টার দিকে দর্শনা থানায় সোপর্দ করেন।
দর্শনা থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, আটককৃতদের বিরুদ্ধে কষ্টিপাথরের মুর্তি কেনার অভিযোগ পাওয়া গেলেও গাড়িতে টাকা ছাড়া অবৈধ কিছু পাওয়া যায়নি। এ কারণে ৫৪ ধারায় কোটে চালান করে তদন্তের কাজ শুরু করা হয়েছে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান পিএসসি বুধবার জানান, আটককৃতদের কাছে নগদ ১২ লাখ টাকা ও কয়েকটি মোবাইল ফোন পাওয়া গেছে। তাদেরকে দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে।
