পাথরঘাটায় বন্য শূকরের কামড়ে নারীসহ আহত ৪, আতঙ্ক
বরগুনার পাথরঘাটায় বন্য শূকরের কামড়ে নারীসহ অন্তত ৪ জন আহত হয়েছেন। বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের গাব্বারিয়া গ্রাম ও সদর ইউনিয়নের পশ্চিম বড় টেংরা গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- চরদুয়ানী ইউনিয়নের গাব্বারিয়া গ্রামের বেলায়েত মীর (৫৫) তার ছেলে ইব্রাহীম মীর (৩২), বেলায়েত মীরের মামাতো বোন মোসা. সকিনা (৪২) ও পাথরঘাটা সদর ইউনিয়নের পশ্চিম বড় টেংরা গ্রামের হানিফ মোল্লার ছেলে সাইকুল ইসলাম (২৩)।
প্রত্যক্ষদর্শী মো. দুলাল ও জসিম উদ্দীন বলেন, গাব্বারিয়া গ্রামে একটি বাড়িতে একটি শূকর হিংস্র হয়ে হঠাৎ মানুষকে তাড়া করে। এরমধ্যে কয়েকজনকে কামড়ে দেয়। আমরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছি। শূকরের আক্রমণের খবরটি ছড়িয়ে পড়ায় এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডাক্তার রাফিউল হাসান বলেন, আক্রমণ করা শূকরটি বন্য। শূকরের কামড়ে সমস্যা হতে পারে। একজনের অবস্থা গুরতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
