লালমনিরহাটে জিংকসমৃদ্ধ ধান বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
নীতিনির্ধারক এবং সহযোগী প্রতিষ্ঠানের সমন্বয়ে জিংকসমৃদ্ধ ধানের বৈশিষ্ট্য ও বাজারজাতকরণের বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, লালমনিরহাট খামার বাড়ির সভা কক্ষে অনুষ্ঠিত এ সভায় রাইস মিল মালিক, কৃষকসহ বিভিন্ন পর্যায়ের অংশীজনবৃন্দ ও কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হারভেস্ট প্লাস প্রকল্প-এর সহযোগিতায় দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে বেসরকারি প্রতিষ্ঠান নজীর (নতুন জীবন রচি)। মতবিনিময় সভায় জিংকসমৃদ্ধ ধানের বৈশিষ্ট্য ও জিংকের উপকারিতা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শাহ আলম, নজীর এর নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা নুরুল হক সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওমর ফারুক। প্রবন্ধ উপস্থাপন করেন হারভেস্ট প্লাস প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মো. মজিবুর রহমান। অনুষ্ঠানে মিল মালিক, কৃষকসহ বিভিন্ন পর্যায়ের অংশীজনবৃন্দ ও কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
