পোরশা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
নওগাঁর পোরশা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক যুবক নিহত হয়েছেন। তার নাম আল আমিন (৩৩)। তিনি উপজেলার নীতপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে। মঙ্গলবার ভোরে সীমান্ত থেকে ভারতের প্রায় দুই কিলোমিটার অভ্যন্তরে মিলমারি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সোমবার রাতে আল আমিনসহ কয়েকজন নীতপুর সীমান্ত দিয়ে ভারতের মালদা জেলার মিলমারি এলাকায় প্রবেশ করেন। মঙ্গলবার ভোরে বাংলাদেশে ফিরে আসার সময় ভারতের বিএসএফ-১৫৯ ব্যাটলিয়নের আওতাধীন আগ্রাবাদ ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করে গুলি ছোড়েন। এতে অন্যরা পালিয়ে এলেও ভারতের মিলমারি এলাকায় আল আমিন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এরপর বিএসএফ সদস্যরা তার লাশ নিয়ে যান।
নওগাঁ-১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহম্মদ সাদিকুর রহমান বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বাংলাদেশের সীমান্ত থেকে ভারতের প্রায় দুই কিলোমিটার অভ্যন্তরে মিলমারি এলাকায় এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে আহ্বান জানিয়ে চিঠি পাঠানো হয়েছে।
