চট্টগ্রামে চলন্ত সিএনজি অটোরিকশায় সিলিন্ডার বিষ্ফোরণ, চালক পুড়ে অঙ্গার
চট্টগ্রামের চন্দনাইশে চলন্ত সিএনজিচালিত অটোরিকশায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। এ সময় দগ্ধ হয়ে চালকের মৃত্যু হয়। সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত অটোরিকশা চালকের নাম আব্দুস সবুর। তিনি সাতকানিয়া উপজেলার পশ্চিম ঢেমশা এলাকার মফিজুর রহমানের পুত্র।
প্রত্যক্ষদর্শী মোটরসাইকেল চালক শওকত আলী পারভেজ বলেন, ওই সিএনজির পেছনে আমি ছিলাম। হঠাৎ করে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে দাউ দাউ করে আগুন জ্বলছিল। সেই আগুনে চালক পুড়ে ছাই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
চন্দনাইশ ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রুহুল আমীন বলেন, খবর পেয়ে একটি ইউনিট সেখানে যায়। তবে ইউনিট পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে চালক পুড়ে অঙ্গার হয়ে গেছে।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ ওবায়দুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে করেন। পরে বুঝিয়ে শুনিয়ে তাদেরকে নিবৃত্ত করা হয়েছে।
