নেশার টাকা না দেয়ায়…
যশোরের শার্শায় নেশার টাকা না দেওয়ায় বাবা মহিউদ্দিন (৬৫) কে মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ ওঠেছে মাদকাসক্ত জনির ছেলে বিরুদ্ধে। উপজেলার নাভারণ কাজিরবেড় গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার দুপুরে জনিকে আটক করেছে পুলিশ।
নিহত মহিউদ্দিন পেশায় একজন নাইটগার্ড ছিলেন। তিনি ওই গ্রামের মৃত দূর্লভ সরদারের ছেলে।
নিহত মহিউদ্দিনের মেজো ছেলে জাহিদ জানান, জনি আমার ছোট ভাই। সে দীর্ঘদিন ধরে গাঁজা, ইয়াবা ও ফেনসিডিলে আসক্ত। গত ১৭ মার্চ আমার বাবার কাছে ছোট ভাই নেশা করার জন্য টাকা চায়। কিন্তু বাবা টাকা দিতে অস্বীকার করলে কথা কাটাকাটির একপর্যায়ে জনি ইট দিয়ে আমার বাবার মাথায় আঘাত করে। ওই সময় গুরুতর আহত অবস্থায় বাবাকে হাসপাতালে ভর্তি করি। এক সপ্তাহ হাসপাতালে রাখার পর বাড়িতে নিয়ে গেলে রোববার দিবাগত মধ্যরাতে বাবা মারা যায়।
এ ব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মনিরুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। কিভাবে মারা গেছেন- এই মুহূর্তে আমরা বলতে পারছি না। ময়নাতদন্তের জন্য লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ছেলে জনিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
