বিনাপয়সার ট্রাফিক মুজার পাশে দাঁড়ালো পুলিশ
ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলা চৌরঙ্গীতে প্রায় ৩৫ বছর ধরে বিনা পয়সায় ট্রাফিক সেবা দিচ্ছেন মোজাফফর মুজা। রোদ-বৃষ্টি উপেক্ষা করেই ঠাঁই দাঁড়িয়ে যানজট নিরসন করেন তিনি। কিন্তু সম্প্রতি মুজা অসুস্থ হয়ে পড়েছেন। পরিবার-পরিজন নিয়ে আছেন অভাব-অনটন-দুর্দশায়।
মোজাফফর মুজা ও তার পরিবারের দুর্দশার কথা জানতে পেরে রোববার পরিবারটির পাশে দাঁড়ান ঢাকা জেলা পুলিশ সুপার। পুলিশ সুপার মো. আসাদুজ্জামান এর পক্ষে দোহার সার্কেল এএসপি মো. আশরাফুল আলম ও নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: শাহজালাল এক মাসের চাল, ডাল, আটা, তেল, লবণ, চিনি, খেজুর, মুড়ি, সেমাই ও ঈদ উপলক্ষে নতুন কাপড় মোজাফ্ফর মুজা ও তার পরিবারের কাছে পৌছে দেন।
দোহার সার্কেলের এএসপি মো. আশরাফুল আলম বলেন, আগলা চৌকিঘাটার বাসিন্দা মো. মোজাফ্ফর জন্ম থেকেই কথা বলতে পারেন না। মানসিকভাবেও বিকশিত নন। তার স্ত্রীও এক চোখে দেখেন না। এই দম্পতির দুই ছেলে, দুই মেয়ে রয়েচ। এদের মধ্যে এক ছেলে ও এক মেয়ে শারীরিক ও মানসিকভাবে প্রতিবন্ধী। শত প্রতিবন্ধকতা ডিঙিয়ে মোজাফফর আগলা মোড়ে ট্রাফিক ব্যবস্থাপনায় কমিউনিটি পুলিশিং-এর অংশ হিসেবে দায়িত্ব পালন করেন। মানুষ খুশি হয়ে যা দেন, তাতেই ছেলে-মেয়েদের নিয়ে কোনোমতে সংসার চালান তিনি। মোজাফফর ও তার পরিবারের দুর্দশার কথা জানতে পেরে ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান স্যার তাদের জন্য এক মাসের বাজার ও ঈদ উপলক্ষে নতুন কাপড় উপহার দিয়েছেন।
