মৃত গরুর মাংস বিক্রি করে তিনজন আটক
বাগেরহাটের শরণখোলায় মৃত গরু জবাই করে বিক্রি করার দায়ে ৩ জনকে আটক করেছে পুলিশ। রোববার সকালে শরণখোলা উপজেলা সদর রায়েন্দা স্লুুইস গেট এলাকায় এ ঘটনা ঘটে। এসময় দুই ড্রামে থাকা ৩০ কেজি মৃত গরুর মাংস, মাথা ও চামড়া উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, রায়েন্দা ইউনিয়নের খাদা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ডালিম ও আলামীন এবং অপর ছেলে হালিমের স্ত্রী। তবে এ ঘটনায় জড়িত অপর মাংস বিক্রেতা (প্রধান কসাই) হালিম পালিয়ে যায়।
শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, মৃত গরু জবাই করে মাংস বিক্রি করছে- এমন সংবাদের ভিত্তিতে উপজেলা সদর রায়েন্দা পানি উন্নয়ন বোর্ডের স্লুইস গেট এলাকায় অভিযানে গেলে কসাই ও তার সহযোগিরা মাংস ফেলে পালিয়ে যায়। সেখান থেকে দুই ড্রামে ৩০ কেজি মৃত গরুর মাংস, মাথা ও চামড়া উদ্ধার করা হয়। পরে উত্তর কদমতলা গ্রামে কসাই হালিমের বাড়িতে তল্লাশি করে তার স্ত্রী ও দুই ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় আনা হয়েছে। হালিমের দুই ভাই গরুর মাংস বিক্রির সাথে জড়িত। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
উপজেলা সদরের রায়েন্দা পাঁচরাস্তা মোড়ের প্রশাসন মার্কেটে প্রকাশ্যে বিক্রি হচ্ছিল এই মরা গরুর মাংস। রমজান মাসে মরা গরুর মাংস বিক্রির খবর মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। জড়িতদের বিরুদ্ধে কঠোর বিচার দাবি করছেন স্থানীয়রা।
