নারায়ণগঞ্জে গৃহবধূর বুকে ছুরি মেরে হত্যা, স্বামী গ্রেপ্তার
পরকীয়ার জের
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফারজানা ইসলাম মিশু (৩২) নামে এক গৃহবধূর বুকে ছুরি মেরে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী তারিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সকাল ৯টায় রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফারজানা ইসলাম মিশু গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার দক্ষিণ শাহাবাজ এলাকার আব্দুল মান্নান মাস্টারের মেয়ে।
গ্রেপ্তারকৃত স্বামী তারিকুল ইসলাম একই উপজেলার দক্ষিণ ধুমাইটারি মন্ডলপাড়া এলাকার জাহিদুল ইসলামের ছেলে। জাহিদুল ইসলাম রূপগঞ্জ উপজেলার মাঝিনা এলাকার মির কংক্রিট প্রোডাক্ট লিমিটেড কারখানায় চাকরি করে আসছিলেন। তারা স্বামী-স্ত্রী একই এলাকার নয়ন মিয়ার মালিকানাধীন বাড়িতে ভাড়ায় বসবাস করতেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, মাঝিনা এলাকায় নয়ন মিয়ার মালিকানাধীন চারতলা বাড়িতে বুকে ছুরি মেরে ফারজানা ইসলাম মিশু নামের ওই গৃহবধূকে হত্যা করা হয়েছে বলে সংবাদ পায় পুলিশ। পরে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। একইসঙ্গে হত্যাকাণ্ডে জড়িত নিহত গৃহবধূর স্বামী তারিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন, গ্রেপ্তারকৃত স্বামী তারিকুল ইসলাম। পুলিশের জিজ্ঞাসাবাদে তারিকুল ইসলাম জানায়, ফারজানা ইসলাম মিশুর সাথে এক যুবকের পরকীয়ার সম্পর্ক ছিলো। আর এই পরকীয়ার জের ধরে প্রায় সময়-ই তাদের মধ্যে ঝগড়াঝাঁটি হতো। অন্যান্য দিনের মতো রোববার সকালেও তাদের স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হয়। একপর্যায়ে তারিকুল ইসলাম ছুরি দিয়ে মিশুর বুকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
