ডলার ও রুপিসহ বিজির হাতে ভারতীয় পুলিশ সদস্য আটক
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে এক ভারতীয় পুলিশ সদস্যকে আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। শুক্রবার উপজেলার মাটিলা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ৫৮-বিজিবি তাকে আটক করে। সে সময় তার কাছ থেকে ডলার ও ভারতীয় রুপি উদ্ধার করা হয়। উদ্ধার শেষে তাকে মহেশপুর পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
শনিবার তাকে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয় বলে নিশ্চিত করেছেন মহেশপুর থানার ওসি (তদন্ত) ইসমাইল হোসেন।
আটক ভারতীয় ওই পুলিশ সদস্যের বাড়ি তামিলনাড়ু প্রদেশের ত্রিসিটি জেলার ইকুডু থানার আনগুনগর গ্রামে। পি.ভি. জন সিলভারাজ ভারতের তামিলনাড়ু রাজ্য পুলিশের সদস্য। তার সঙ্গে পুলিশের পরিচয়পত্র পাওয়া গেছে। এছাড়া তামিলনাড়ু রাজ্য পুলিশও তার পরিচয় নিশ্চিত করেছেন।
৫৮বিজিবি ও মহেশপুর থানা সূত্রে জানা যায়, মহেশপুরের মাটিলা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার সময় মাটিলা বিজিবি ক্যাম্পের হাবিলদার কাওছারের নেতৃত্বে সিলভারাজকে আটক করা হয়। এরপর তার কাছ থাকা ১ হাজার ১৫০ ডলার ও ৪ হাজার ৮৭ ভারতীয় রুপিসহ একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
৫৮-বিজিবি অধিনায়ক এইচএম সালাহ উদ্দিন চৌধুরী জানান, আটক ব্যক্তি তাদের কাছে জানিয়েছেন তিনি থাইল্যান্ডে যাওয়ার জন্য বাংলাদেশে প্রবেশ করেছেন। তার সঙ্গে তামিলনাড়ু পুলিশের একজন সদস্য মর্মে পরিচয়পত্র এবং মোবাইল ফোনে দায়িত্ব পালনকালীন দৃশ্য পাওয়া গেছে।
এ বিষয়ে মহেশপুর থানার ওসি (তদন্ত) ইসমাইল হোসেন জানান, মহেশপুর থানায় মুদ্রা পাচারসহ অবৈধ অনুপ্রেবেশের অভিযোগে মামলা দায়ের মাধ্যমে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
