উদ্ধারকৃত ১২ জেলে নিজ বাড়িতে ফিরেছেন
অবশেষে নিজ বাড়ি বরগুনা জেলার পাথরঘাটায় ফিরেছেন বঙ্গোপসাগরে চারদিন ধরে ভাসতে থাকা সেই ১২ জেলে। ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরে তারা আটকে পড়ে। কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দপ্তর) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুনতাসীর ইবনে মহসীন জানান, জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন দিলে, শনিবার (২৩ মার্চ) সন্ধ্যায় তাদের উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত জেলেরা হলেন, মাঝি মাসুম মৌলভী, আব্দুর রহিম, নিজাম উদ্দিন, মো: হানিফা, মো:আমিন, মেহেদী হাসান, মোশারফ হোসেন, রুস্তম খলিফা, মেহেদী হাসান, মো: শাহজাহান, অলিউল ইসলাম, জালাল উদ্দীন।
লেফটেন্যান্ট মুনতাসীর বলেন, গত ১৫ মার্চ বরগুনা জেলার পাথরঘাটা উপজেলা থেকে 'এফ বি হানিফ মুন্সি' নামক একটি ফিশিং বোট মাছ ধরার উদ্দেশ্যে বঙ্গোপসাগরে রওনা হন। ১৯ মার্চ তাদের বোটের ইঞ্জিন বিকল হয়ে গেলে, সাগরে ভাসতে থাকেন জেলেরা। এরপর ওই বোটের মাঝি মাসুম মৌলভী জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিয়ে সাহায্য চান। মাসুম মৌলভীর মোবাইল নম্বর ট্রাকিং করে তাদের অবস্থান নিশ্চিত করে, শনিবার সন্ধ্যায় কোস্টগার্ডের দুবলা এবং কচিখালী স্টেশনের সদস্যরা তাদের উদ্ধার করেন।
উদ্ধার করা ১২ জন জেলেকে খাবার পানি ও প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ির উদ্দেশ্যে পাঠানো হয়।
