শার্শায় ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
যশোরের শার্শা উপজেলায় ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় মেহেদী হাসান (১৯) এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার কাশিপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা থানার (ওসি) শেখ মনিরুজ্জামান।
গ্রেপ্তারকৃত মেহেদী হাসান উপজেলার ডিহি (দক্ষিনপাড়া) গ্রামের মো. বিপ্লব গাজীর ছেলে।
পুলিশ জানায়, গত মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে ওই কিশোরীকে ধর্ষণ বাড়িতে একা পেয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে মেহেদী। এ-সময় ওই কিশোরীর চিৎকারে তার নানী এগিয়ে আসলে ধর্ষণকারী ওই যুবক পালিয়ে যায়। এ ঘটনায় বৃহস্পতিবার ভিকটিমসহ তার খালাতো বোন থানায় হাজির হয়ে একটি মামলা দায়ের করেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের কথা স্বীকার করেছে। আসামিকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।
