নামজারির কাগজপত্র হারানোর জিডি, জানেন না জমির মালিক
ঢাকার দোহার থানায় জমির নামজারী কাগজপত্র হারিয়েছে জানিয়ে গত ২৯ জানুয়ারি জিডি কার হয়। জিডিতে উল্লেখ করা হয়, গত ২৮ জানুয়ারি দোহারে খাড়াকান্দা এলাকা থেকে তার নামজারীর ডকুমেন্ট হারিয়ে গেছে। তবে জমির মালিক শাহীনের দাবি, তিনি জিডির ব্যাপারে কিছুই জানেন না। শেখ শাহিন দোহার উপজেলার দোহার ঘাটা এলাকার শেখ উমেদ আলীর ছেলে।
শাহীন আরও জানান, আমি ব্যবসার কারণে চট্টগ্রাম থাকি। একটি চক্র আমার আইডি কার্ড ব্যবহার করে ২৯ জানুয়ারি দোহার থানায় জিডি করেন। জিডিতে উল্লেখ করেন, আমার ঘাটার জমির নামজারি হারিয়ে গেছে। জিডিতে তারা আমার মোবাইল নম্বর লিখে দেন। আবার জরুরি যোগাযোগের জন্য আ. জলিলের নাম লিখে সেখানেও একই নম্বর ব্যবহার করেন। অথচ এ জিডির ব্যাপারে আমি কিছুই জানি না। আমার কাগজপত্র হারায়নি। শুধু তাই নয়, চক্রটি ওই জিডির কপি দিয়ে এসিল্যান্ড বরাবর আমার নামজারি নকল পর্চার জন্য আমার সাইন নকল করে আবেদনও করেন।
তিনি আরও বলেন, সম্পত্তি আত্মসাতের জন্য আমার ভাই লিটন, লিটনের স্ত্রী সোহাগী বেগম, লিটনের সমন্ধি রফিক ও আমার আরেক ভাই ইকবালের বুদ্ধিকে জলিল নাম ব্যবহার করে জিডি করেছেন, আবার পর্চা ওঠানোর জন্য আবেদন দিয়েছেন। ওদের জালিয়াতির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবো আমি। এ ব্যাপারে আব্দুল জলিলের মুঠোফোনে যোগাযোগ করা হলে, তিনি সাংবাদিক পরিচয় পেয়ে রং নম্বর বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
জিডির তদন্ত কর্মকর্তা দোহার থানার এএসআই আলীমুজ্জামান সরদার বলেন, জিডি এখন অনলাইনে করা হয়েছে, তবে কিভাবে করা হলো আমি বুঝতে পারছি না। এ ব্যাপারে খুব দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
