যশোরে ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, গ্রেপ্তার ৭
যশোরে ডিবি পুলিশ পরিচয়ে টাকাসহ দুই কাঁচামাল ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া টাকার মধ্যে কিছু টাকা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার যশোর ডিবি পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তত্য জানায়।
এতে বরা হয়, গত ১৬ মার্চ ঢাকা থেকে যশোরের দুই ব্যবসায়ী সোহাগ হোসেন ও হাবিবুর রহমান সবজি বিক্রি করে যাত্রীবাহি বাসযোগে যশোরে আসছিলেন। এ সময় তারা যশোরের চাঁচড়া এলাকার যশোর-বেনাপোল সড়কের তরিকুল ইসলামের বাড়ির সামনে পৌঁছালে ডিবি পুলিশ পরিচয় দেওয়া অপহরণকারী চক্রের একটি দল তাদেরকে যাত্রীবাহি বাস থেকে নামিয়ে প্রাইভেটকারে তুলে নিয়ে যশোরের কেশবপুরের দিকে চলে যায়। তারা এ সময় ব্যবসায়ীদের কাছে থাকা সাড়ে ৪ লাখ টাকা কেড়ে নিয়ে কেশবপুরে ফেলে রেখে পালিয়ে যায়।
এ বিষয়ে দুই ব্যবসায়ী যশোর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। মামলার সূত্র ও ঘটনাস্থলের সিসিফুটেজ নিয়ে তদন্ত করে অপহরণকারী চক্রের ৭ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, হারুন অর রশিদ (৩৩), পিয়াস হাসান (২৪), ইশতিয়াক আহমেদ (২৪), রাশেদ হাওলাদার (২৮), সোহেল আহমেদ বাবু (৩২), উজ্জ্বল হোসেন (৩০) হাফিজুর রহমানকে (৩২) । এসময় তাদের কাছ থেকে নগদ দুই লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।
যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপন কুমার সরকার জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় মামলা দিয়ে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
