চট্টগ্রামে বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের সাথে ছাত্রলীগের ইফতার
চট্টগ্রামের রাউজানের আমেনা বশর বৃদ্ধাশ্রমের প্রবীণদের সঙ্গে ইফতার করেছেন সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে আমেনা বশর বৃদ্ধাশ্রমে বসবাসরত ৪৮ জন প্রবীণ অংশ নেন।
বুধবার মহসিন কলেজ ছাত্রলীগ নেতা আনোয়ার পলাশের উদ্যোগে রাউজানের নোয়াপাড়ায় অবস্থিত বৃদ্ধাশ্রমে ইফতার করতে যান ছাত্রলীগে নেতাকর্মীরা। জীবন সায়াহ্নে পরিবার থেকে আলাদা থাকা এসব মানুষগুলো সেসময় শিক্ষার্থীদের কাছে পেয়ে যেন অন্যরকম এক আনন্দে মেতেছিল।
ছাত্রলীগ নেতা আনোয়ার পলাশ বলেন, ‘আমাদের সমাজ ব্যবস্থায় পরিবার থেকে নিগৃহিত প্রবীণরাই বৃদ্ধাশ্রমে থাকে। পরিবার স্বজন থেকে আলাদা থাকার যে জীবনধারা সেটা আমাদের সমাজে খুব একটা সহজ নয়। আবার আমাদের মধ্যেও অনেকে আছেন যারা পড়াশুনার প্রয়োজনে পরিবার থেকে আলাদা হয়ে শহরে থাকেন। ছোট পরিসরে এই দুই বয়সের একই হাহাকার নিয়ে থাকা কিছু মানুষকে একদিন পারিবারিক আবহে ইফতারের সুযোগ করে দিতেই এই আয়োজন করেছি আমরা।’
আনোয়ার পলাশ বলেন, ‘উনারা সকলে খুব খুশি হয়েছেন। আবার কান্নাও করেছেন পরিবার থেকে আলাদা থাকার যন্ত্রণার কথা বলে। আসলে এটা একটা অন্যরকম অনুভূতি। আমরা কথা দিয়েছি মাঝে মাঝে তাদের সঙ্গে দেখা করতে যাব।’
ইফতারে হাজী মুহাম্মদ মহসিন কলেজ ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন শাহারিয়ার সুমন, রাকিবুল শাহ রাকিব, আবদুল্লাহ আল সাজিদ সিয়াম, শিমলা দত্ত তন্বী, নাজিম উদ্দিন, আবদুস সোবহান, এমএ মনির, রাবেয়া বসরি লিজা, মোহাম্মদ শাহারিয়ার, লায়লা সিকদার লিপি, আনিকা সুলতানা, তুসমিতা আক্তার, রাজিব মাহমুদ, রাসেল আহম্মেদ, জালাল উদ্দীন মুহাম্মদ জোবায়ের, মোহাম্মদ সায়েদ উদ্দিন শাহ।
