‘দাম বাড়লে আমরা আরও বেশি কিনি’
রাজশাহী সংবাদদাতা
সমাজকল্যাণ মন্ত্রী ডা. দিপু মনি এমপি বলেছেন, অসাধু ব্যবসায়ীরা তরমুজের দাম বাড়িয়ে দিলো, আমরা যদি ঠিক করি, আমরা ৭ দিন কি ১০ দিন সারাদেশে একটা মানুষও তরমুজ খাবো না, তরমুজ ব্যবসায়ীর তরমুজ তো সব পচে শেষ হয়ে যাবে। বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর বাগমারার উপজেলার শেখ রাসেল পৌর অডিটোরিয়ামে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব বলেন।
ডা. দীপু মনি বলেন, আমরা দাম বাড়লে আরও বেশি কিনি। যতো বেশি কিনি, অসাধু ব্যবসায়ীরা আরও বেশি দাম বাড়ায়। পৃথিবীর অন্যান্য দেশে জিনিসের দাম বাড়লে সেই জিনিস লোকে কম কেনে বা বয়কট করে, আমাদের দেশে যেটার দাম বাড়তে থাকে আমরা ওটা আরও বেশি কিনে কিনে ছোট খাটো মজুদদার হয়ে যাই। সরকার তার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। আমাদের মানুষের পাশেই সরকার আছে এবং থাকবে।
সমাজকল্যাণ মন্ত্রী আরও বলেন, ব্যবসায়ীরা জিনিসপত্রের দাম বাড়িয়ে মানুষকে কষ্ট দেওয়ার চেষ্টা করছে। এই রমজান মাস সিয়াম সাধনার মাস, সংযমের মাস। সংযম তো সবার জন্যই, আপনার-আমার জন্য যেমন, সরকারের জন্য যেমন, ব্যবসায়ীদের জন্যও তাই। ব্যবসায়ীদের সংযমটা ব্যবসায়ীদের দেখাতে হবে।
সরকার অনেক পণ্যের দাম বেধে দিচ্ছে, নানান কিছু করছে, সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে যেন মানুষ এই সময়ে একটু স্বস্তিতে থাকে। কিছু কিছু ব্যবসায়ী তারপরও ঝামেলা করছে সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। আমরা চাই আপনারা সবাই সজাগ থাকুন, সচেতন থাকুন বলেও উল্লেখ করেন দীপু মনি। এসময় গাঁজা ও ফিলিস্তিনে শিশু, নারী, বৃদ্ধাদের হত্যার নিন্দা ও হত্যাকারীদের ঘৃণা জানান মন্ত্রী।
বাগমারা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কহিনুর বানুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পারভীন আক্তারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন বাগমারা-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ, তাহেরপুর পৌরসভার মেয়র খন্দকার সায়লা পারভীন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট ইব্রাহিম হোসেন, এডভোকেট জাকিরুল ইসলাম সান্টু, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মর্জিনা পারভীন, সাধারণ সম্পাদক এডভোকেট নাসরিন আক্তার মিতা প্রমুখ।
