জিম্মি জাহাজ মালিকপক্ষের সাথে যোগাযোগ করেছে সোমালিয়ান দস্যুরা
অবশেষে জিম্মি হওয়ার ৮ দিন পর এমভি আবদুল্লাহ`র মালিকপক্ষের সাথে সোমালিয়ার জলদস্যুদের যোগাযোগ হয়েছে। ভারত মহাসাগরে জিম্মি বাংলাদেশি পতাকাবাহী এই জাহাজটির মালিকপক্ষ কবির গ্রুপের সাথে থার্ড পার্টির মাধ্যমে যোগাযোগ করেছে জিম্মিকারী এই দস্যুরা। তবে তারা এখনও কোনো মুক্তিপণ দাবি করেনি।
বুধবার দুপুরে এমভি আব্দুল্লাহ জাহাজের মালিকপক্ষ কবির গ্রুপের মিডিয়া এডভাইজার মিজানুল ইসলাম দ্যা নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ দুপুরে দস্যুদের সঙ্গে যোগাযোগ হয়েছে। তবে তেমন কোনো আলোচনা হয়নি। তারা এখনও আমাদের কাছ থেকে কোনও কিছু চায়নি। আর বিষয়টি স্পর্শকাতর। তাই আলোচনা না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না।
মিজানুল ইসলাম বলেন, জলদস্যুরা তৃতীয় পক্ষের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। যেহেতু আমরা সবধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি, তাই আশা করছি, তাদের সঙ্গে আলোচনা শুরু হলে এই সমস্যার সমাধান হবে।
এর আগে গত ১২ মার্চ দুপুরে চট্টগ্রামভিত্তিক কবির গ্রুপের মালিকানাধীন এসআর শিপিংয়ের জাহাজটি জিম্মি করে সোমালিয়ান দস্যুরা। কয়লা বোঝাই এই জাহাজে ২৩ জন নাবিক আছেন। জাহাজটি বর্তমানে সোমালিয়ার গদভজিরান উপকূলের কাছে নোঙর করে রাখা হয়েছে।
