২৬ দফা দাবিতে ইবনে সিনা ফার্মাসিটিক্যাল শ্রমিকদের আন্দোলন
২৬ দফা দাবিতে ইবনে সিনা ফার্মাসিটিক্যাল শ্রমিকদের আন্দোলন
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিটিক্যাল শ্রমিকদের মজুরি বৃদ্ধি, অস্থায়ী শ্রমিকদের স্থায়ীকরণ, ফ্রি মেডিকেল সেবাসহ ২৬ দফা দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছে কারখানাটির শ্রমিকরা। এতে ভোগান্তিতে পড়ে ঢাকার-টাঙ্গাইল মহাসড়কের চলাচলরত যানবাহনের যাত্রী এবং পথচারীরা। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বুধবার সকাল ৮টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার সফিপুর এলাকার ইবনে সিনা ফার্মাসিটিক্যালসের শ্রমিকরা এই আন্দোলন করেন।
শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, ইবনে সিনা ফার্মাসিটিক্যাল ওষুধ তৈরি কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তারা দীর্ঘদিন যাবৎ শ্রমিকদের বিনা নোটিশে বের করে দেওয়া, মজুরি বৃদ্ধি না করাসহ নানা ধরনের বৈষম্য করে আসছিল। এর জের ধরে বুধবার সকালে ওই কারখানাটির শ্রমিকরা কাজে যোগ না দিয়ে প্রথমে কারখানাটির ভিতরে আন্দোলন শুরু করে। পরে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে আন্দোলন করতে থাকে। খবর পেয়ে শিল্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে আসেন। শ্রমিকদের দাবি কারখানাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা মেনে না নেওয়ায় সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে দুপুর সাড়ে ১২টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়। পরে সেনা সদস্যরা শ্রমিকদের সাথে নিয়ে কারখানাটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে শ্রমিকদের দাবির বিষয়ে আলোচনা করেন।
শিল্প পুলিশের কালিয়াকৈর জোনের ওসি নিতাই চন্দ্র সরকার জানান, শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দিয়ে কারখানার ভিতরে অবস্থান নিয়েছে। শ্রমিকদের প্রতিনিধিরা কারখানাটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করছে।
দ্য নিউজ/এসএ
