হাতিরঝিল থেকে নারী সাংবাদিকের মরদেহ উদ্ধার
রাজধানীর হাতিরঝিলে পানি থেকে এক নারী সাংবাদিকের মরদেহ উদ্ধার করেছে পথচারীরা।
সারা রাহানুমা (৩২) নামে জি-টিভির নিউজরুম এডিটরকে পথচারীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। রাহানুমাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী সাগর বলেছেন, হাতিরঝিল লেকের পানিতে ভাসমান অবস্থায় ওই নারীকে দেখতে পান। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাহানুমার এক সহকর্মী জানান, মঙ্গলবার রাত সাড়ে নয়টার পর্যন্ত অফিসের নিচে রাহনুমাকে চা খেতে দেখেছেন। তার বাসা মিরপুর। রাহনুমা আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারনা করছেন তার ওই সহকর্মী। সাইফুল নামে ওই সহকর্মী আরও বলেন, আগেও আত্মহত্যার চেষ্টা করছিল বলে জানতে পেরেছি কিন্তু করতে পারেননি। ময়নাতদন্ত শেষে আমরা নিশ্চিত হতে পারব আসলে কী ঘটেছিল।
এদিকে ১০ ঘণ্টা আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের লোকেশন দিয়ে ফাহিম ফয়সালের সঙ্গে সারা তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লিখেন, আপনার মত একজন বন্ধু পেয়ে ভালো লাগলো, ঈশ্বর আপনাকে সর্বদা আশীর্বাদ করুন। আশা করি আপনি শিগগিরই আপনার সমস্ত স্বপ্ন পূরণ করবেন, আমি জানি আমরা একসঙ্গে অনেক পরিকল্পনা করেছি। দুঃখিত আমাদের পরিকল্পনা পূরণ করতে পারিনি, ঈশ্বর আশীর্বাদ করুন।
এছাড়া ১১ ঘণ্টা আগে অন্য আরেকটি স্ট্যাটাসে সারা লিখেন, ‘জীবন্মৃত হয়ে থাকার চাইতে মরে যাওয়াই ভালো’।
সারা রাহানুমার মৃত্যু বিষয়টি নিশ্চিত করে ঢামেক ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রয়েছে।
দ্য নিউজ /কেটি
