প্রবাসী নারীর ভিডিও ধারণ, যুবক আটক
প্রবাসী নারীর সঙ্গে গড়েছেন প্রেমের সম্পর্ক। তুলেছেন অশ্লীল ছবি ও ভিডিও। এরপর দাবি করেছেন টাকা। তা না দিলে হুমকি দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ায়। এ ঘটনায় অভিযুক্ত নবীন তালুকদারকে (৩৭) আটক করেছে র্যাব।
রোববার দিবাগত মধ্যরাতে নাটোরের বড়াইগ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক নবীন নাটোরের বড়াইগ্রাম উপজেলার মাধাইমুড়ি গ্রামের আবুল বাশার তালুকদারের ছেলে।
সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১২, সিপিসি-২, পাবনার কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান জানান, পাবনার এক প্রবাসী নারীর সঙ্গে নবীন সামাজিক যোগাযোগ মাধ্যমে সু কৌশলে ও ভালোবাসার প্রলোভন দেখিয়ে তার সঙ্গে অডিও/ভিডিও কলে কথা বলেন। এক পর্যায়ে তার কাছ থেকে বিভিন্ন ছবি সংগ্রহ করেন এবং বিভিন্ন সময়ে মোবাইলে কথা বলার ভিডিও স্ক্রিনশট দিয়ে রাখেন।
কিছুদিন পর এ সকল ছবি ও ভিডিও পুঁজি করে ওই প্রবাসী নারীর কাছে টাকা দাবী করেন নবীন তালুকদার। ভিকটিম টাকা দিতে অস্বীকৃতি জানালে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে ওই নারীর সামাজিক মর্যাদা ক্ষুন্ন করার হুমকি দেন।
কোন কুল কিনারা না পেয়ে প্রবাসী নারী বাধ্য হয়ে নবীন তালুকদারকে বিভিন্ন সময়ে ১ লাখ ৪৮ হাজার টাকা প্রদান করেন। পরে ওই ভুক্তভোগী নারী পাবনা র্যাবের কাছে অভিযোগ দেন। তার দেওয়া অভিযোগের প্রেক্ষিতে নবীনকে তার বাড়ি এলাকা থেকে আটক করা হয়।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক নবীনকে বড়াইগ্রাম থানায় হস্তান্তর করা হয় বলে জানান র্যাব কমান্ডার।
