মুন্সিগঞ্জ রেলস্টেশন সংস্কার জরুরি
চুয়াডাঙ্গার মুন্সিগঞ্জ রেলওয়ে স্টেশন- শত শত মানুষের ভিড়; ঝিকঝিক শব্দ, লোহার ঘণ্টা আর গার্ডের হুইসেল- সবমিলিয়ে এক সময়কার জমজমাট এই স্টেশিনটি এখন খাঁ খাঁ চত্বর। সংস্কারের অভাবে বেহাল দশা পুরো স্টেশনটির। ফলে যাত্রীর সংখ্যাও কমেছে।
জানা যায়, এককালে যোগাযোগ ব্যবস্থার উন্নতি, ব্যবসা-বাণিজ্যের প্রসার ও পণ্য পরিবহনে এ অঞ্চলের মানুষের কাছে মুন্সিগঞ্জ রেলওয়ে স্টেশনটির গুরুত্ব ও কদর ছিল যথেষ্ট। কালের বিবর্তনে স্টেশন ভবনটির ছাদে জন্মেছে প্রচুর আগাছা। ভবনটিতে ধরেছে ফাটল। প্ল্যাটফর্মের ইট ও গাঁথুনি ক্ষয়ে গেছে।
এলাকাবাসী জানায়, পর্যাপ্ত বাতি ও নিরাপত্তা বেষ্টনী না থাকায় রাতের বেলায় স্টেশনে নেমে আসে ভূতুড়ে অন্ধকার ও নিস্তব্ধতা। নিরাপত্তার বিষয়টিও ব্যাহত হচ্ছে।বর্তমানে হাতেগোনা অল্পকিছু যাত্রী এ স্টেশন ব্যবহার করেন। স্টেশনটি যাতে আবারও জমজমাট হয়ে ওঠে সেদিকে রেলওয়ে কর্তৃপক্ষের সজাগ দৃষ্টি চান এই স্টেশনের যাত্রীরা।
রেল স্টেশন সংলগ্ন ব্যবসায়ী গিয়াস উদ্দিন বলেন, একসময় এই স্টেশনে প্রচুর পণ্য ওঠানো-নামানো হতো। পান থেকে শুরু করে ধান, সার সব মালামাল ট্রেনে করে দেশের বিভিন্ন জায়গায় পাঠানো হতো।

মুন্সিগঞ্জ রেলস্টেশনের কর্মরত গেট কিপার মনিরুজ্জামান দ্যা নিউজকে জানান, মুন্সিগঞ্জ রেল স্টেশনে এখান কোন কার্যক্রম না হওয়ায় তিনিও পাকসি কন্ট্রোলের অধিনে কর্মরত আছেন।
এ বিষয়ে স্টেশন মাস্টার নাজমুল হোসাইন দ্যা নিউজের সংবাদদাতাকে বলেন, স্টেশনের কার্যক্রম সংকুচিত হয়ে যাওয়ায় ও জনবলের ঘাটতির কারণে আমাকে পাকশী স্টেশন কন্ট্রোলের দায়িত্ব পালন করতে হচ্ছে।
