দ্য নিউজে সংবাদ প্রকাশের পর অভিযান
নরসিংদীতে কৃষিজমির মাটি বিক্রি
নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নে নির্বিচারে কৃষিজমির মাটি কেটে বিক্রি করা হচ্ছে। ক্ষমতাসীন দলের স্থানীয় নেতাকর্মীরা জোরপূর্বক মাটি কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রি করছেন। উপজেলার ডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন গ্রামের কৃষকদের নামমাত্র মূল্য দিয়ে মাটি কেটে নেওয়া হচ্ছে। আবার অনেককে ভয়ভীতি ও হুমকি দিয়ে জমির মাটি কেটে নেওয়া হচ্ছে। স্থানীয় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাদিম ও তার বড় ভাই শফিকুল ইসলাম হিরণ ও আরিফ মিয়ার নেতৃত্বে এক্সকাভেটর (ভেকুমেশিন) বসিয়ে ২৫ থেকে ৩০ ফুট গর্ত করে জোরপূর্বক কৃষিজমির মাটি কেটে নিয়ে বিভিন্ন ইটভাটায় দেয়া হচ্ছে।
এ নিয়ে দ্য নিউজে ‘জোর করে কৃষিজমির মাটি কেটে বিক্রি ছাত্রলীগ নেতার’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে উপজেলা প্রশাসনের। এরপর রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শহিদুল্লাহ’র নির্দেশে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এইচএম ফখরুল হোসাইন। এসময় কাউকে আটক করতে না পারলেও ভেকুমেশিন-এর ব্যবহৃত সরঞ্জাম, তেল ও ব্যাটারি জব্দ করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শহিদুল্লাহ বলেন, তিন ফসলি কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কেটে নিয়ে যাওয়া ও কৃষিজমিতে অবৈধভাবে বালু ভরাট করার বিরুদ্ধে জেলা প্রশাসকের নির্দেশে আমরা অবস্থানে রয়েছি। যারা এসব কাজে জড়িত হবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
