চকরিয়া পৌর যুবলীগের দুই নেতাকে কুপিয়ে জখম
কক্সবাজারের চকরিয়ায় দুই যুবলীগ নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এঘটনায় অভিযোগের তীর সাবেক এমপির দিকে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে চকরিয়া পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের ফায়ার সার্ভিস এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহত হাসানগীর হোছাইন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড এলাকার পৌর যুবলীগের সভাপতি, বেলাল উদ্দিন কামরান (২৮) ৮নং ওয়ার্ডের মাষ্টারপাড়ার ওয়ার্ড যুবলীগ নেতা। দুইজনের মাথা ও শরীরের বিভিন্ন অংশে দা ও কিরিচ দিয়ে আঘাত করে দুর্বৃত্তরা।
আহতদের পথচারীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। যুবলীগ নেতা হাসানগীর হোছাইনের মেজ ভাই আলমগীর হোছাইন জানান, এদিন রাত সাড়ে ১০টার দিকে হাসানগীর হোছাইন ও বেলাল উদ্দিনসহ তার মোটরসাইকেল নিয়ে ভরামুহুরীস্থ বাড়ি থেকে চিরিঙ্গা সদরে যাচ্ছিলেন। থানা রাস্তার মাথা সড়কের ফায়ার সার্ভিসের সামনে পৌঁছলে পূর্ব থেকে উৎপেতে থাকা চিহ্নিত ৭-৮জন অস্ত্রধারী সন্ত্রাসী মোটরসাইকেলের গতিরোধ করে। পরে ধারালো অস্ত্র দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে জখম করে। এসময় তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা সটকে পড়েন।
সম্প্রতি সোসাইটি বায়তুল মাওয়া জামে মসজিদের কমিটি নিয়ে প্রতিপক্ষের লোকজন হুমকি ধমকি দিয়ে আসছিলেন। এর আগেও চিহিৃত সন্ত্রাসীরা হাসানগীরকে হামলা করেছে। এবারও তারা হামলা চালিয়েছে বলে তিনি দাবী করেন।
এদিকে, পৌর যুবলীগের সভাপতি হাসানগীর হোছাইন ও বেলাল উদ্দিন কামরানকে হামলার প্রতিবাদে স্থানীয় এলাকাবাসী ও যুবলীগ নেতাকর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন। তারা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। তারা যুবলীগ নেতা হাসানগীর ও বেলাল উদ্দিনের উপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবী করেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানান, চকরিয়া পৌরসভা যুবলীগ সভাপতি হাসানগীর হোছাইনসহ দুইজনকে চিহ্নিত সন্ত্রাসী হামলা করেছে। পুলিশ সন্ত্রাসীদের আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
