নরসিংদীতে বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নরসিংদীর পলাশে বিপুল পরিমাণ গাঁজাসহ সুমন মিয়া (২৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, আটককৃত একজন মাদক ব্যবসায়ী।
শুক্রবার বিকালে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার শহীদ ময়েজউদ্দিন সেতু সংলগ্ন একটি হোটেলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সুমন মিয়া গাজীপুর জেলার টঙ্গী থানাধীন এলাকার কাঠালদীয়া গ্রামের মমিন মিয়ার ছেলে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকতিয়ার উদ্দিন বলেন, শুক্রবার বিকালে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘোড়াশাল পৌরসভার শহীদ ময়েজউদ্দিন সেতু সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এসময় একটি হোটেলের সামনে থেকে সুমন মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে সুমন মিয়ার সাথে থাকা দু’টি ব্যাগের একটি থেকে আট কেজি ও একটি থেকে সাড়ে সাত কেজি সর্বমোট ১৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত সুমন মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
