তারাবি’র নামাজ পড়ে বের হতেই মুসল্লিকে কুপিয়ে জখম
চট্টগ্রামের ফটিকছড়িতে মসজিদ থেকে তারাবির নামাজ পড়ে বের হওয়ার সময় মোহাম্মদ আজম খান (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে স্থানীয় কয়েকজন দুর্বৃত্ত। মসজিদের জায়গা বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
শুক্রবার ফটিকছড়ি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পরাণ চৌধুরী মসজিদে এই ঘটনা ঘটে।
আহত আজম খান স্থানীয় মরহুম মোহাম্মাদ ইসলামের তৃতীয় পুত্র। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৯টার সময় নিজ বাড়ী মসজিদ থেকে তারাবির নামাজ শেষে বের হতেই স্থানীয় নুরুল আজম প্রকাশ টিন আজম, রুবেল, রুবেলের ভাগিনা মোস্তাফা এবং নাঈমের নেতৃত্বে ৫-৭ জন ব্যক্তি রামদা, লোহার রড ও বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে আজমের ওপর অতর্কিত হামলা করে। তারা আজমের মাথায় মারাত্মকভাবে কুপিয়ে জখম করে। পরে অন্যান্য মুসল্লিরা এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
এদিকে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আজম খানকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আজম খান বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
খোঁজ নিয়ে জানা যায়, স্থানীয় নুরুল আজম প্রকাশ টিন আজম এলাকার মসজিদের কিছু জায়গা নিজের দখলে রেখেছেন। এটা নিয়ে তার সাথে আজম খানসহ মসজিদ কমিটির লোকজনের বিরোধ চলছিলো। এই বিরোধের জের ধরেই মূলত টিন আজমের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে।
এদিকে এ বিষয়ে জানতে চাইলে ফটিকছড়ি থানার তদন্ত কর্মকর্তা নাজমুল আলম দ্যা নিউজকে বলেন, এরকম একটা ঘটনা নিয়ে আমরা অবগত আছি। তবে থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ দিলেই ব্যবস্থা নেয়া হবে।
