নারায়ণগঞ্জে হকার উচ্ছেদ করতে গিয়ে রোষানলে ইউপি চেয়ারম্যান
নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা এলাকায় ফুটপাত থেকে হকার উচ্ছেদ করতে গিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ব্যারিষ্টার আরিফুল হক ভুইয়া হকারদের রোষানলে পড়েছেন। শুক্রবার বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের সামনে উপজেলার ভুলতা পুলিশ ফাঁড়ির সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভুলতা এলাকার গাউছিয়া মার্কেটের সামনে ঢাকা-সিলেট মহাসড়কের ফুটপাত দখল করে অবৈধভাবে বিভিন্ন দোকানপাট বসানো হতো। ফুটপাত দখলের ফলে বেশিরভাগ সময়ই মহাসড়কটিতে যানজট লেগে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হতো। গত ১০ দিন আগে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আহসান আহমেদ রাসেলসহ প্রশাসন ভুলতা এলাকার ফুটপাত পুরো উচ্ছেদ করে দেয়। এরপর থেকে হকাররা ফুটপাতে স্বল্প জায়গা নিয়ে বসলে পুলিশ ধাওয়া দেয়। শুক্রবার বিকালে ভুলতা পুলিশ ফাঁড়ির সামনে ইউপি চেয়ারম্যান আরিফুল হক ভূঁইয়া এক আখের রস বিক্রেতাকে ফুটপাত থেকে সরে গিয়ে অন্য কোথাও বিক্রি করতে বলেন। আখের রস বিক্রেতা ফুটপাত থেকে সরতে রাজী না হলে আরিফুল হক ক্ষিপ্ত হয়ে যান। এসময় দু’জনের মাঝে বাকবিতন্ডা শুরু হলে লোকজন জড়ো হয়। খবর শুনে ভুলতা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে যায়। একপর্যায়ে আরিফুল হক ভুইয়া আখের রস্ বিক্রেতাকে পুলিশের সামনেই মারধর করতে থাকেন। আখের রস বিক্রেতাকে মারধর করায় অন্যান্য হকার ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যানকে মাধধর করেন। পরে পুলিশ দুইপক্ষকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন হকার বলেন, ফুটপাত উচ্ছেদ হওয়ার পর থেকে পরিবার নিয়ে খুব কষ্টে আছি। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ফুটপাতে বসলেও পুলিশ আবার তাড়িয়ে দেয়। হকাররা যদি অন্যায় করে থাকে আইন আছে, তাদের বিচার হবে। আরিফ চেয়ারম্যান আইন নিজের হাতে তুলে নিতে পারেন না। তিনি একজন হকারকে মারধর করেছেন, এটি খুবই ন্যাক্কারজনক ঘটনা।
এ ব্যাপারে চেয়ারম্যান আরিফুল হক ভুইয়া বলেন, আমি আখের রস বিক্রেতাকে ফুটপাত থেকে সরে অন্যস্থানে যেতে বলি। কিন্তু সে না গেলে আমি তার পিঠে একটি থাপ্পড় দেই। এসময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার পক্ষে কথা বলতে শুরু করেন। এতে হকাররা আমার ওপর ক্ষিপ্ত হন। পরে বিষয়টি ভুলতা পুলিশ ফাঁড়িতে মিমাংসা হয়।
এ ব্যাপারে ভুলতা পুলিশ ফাড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, আরিফুল হক ভূঁইয়ার উচিত পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে হকার উচ্ছেদ করতে যাওয়া। তিনি না জানিয়েই ফুটপাত উচ্ছেদ করতে গেছেন। তার ওপর হকাররা চড়াও হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
