ঝালকাঠিতে অবৈধ ৩৩ ইটভাটায় অভিযান, ২১ লাখ টাকা জরিমানা
ঝালকাঠি জেলার ৪ উপজেলায় অভিযান চালিয়ে ৩৩টি অবৈধ ইটভাটা বন্ধ করেছে জেলা প্রশাসন। এসময় ২০ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা ও একজনকে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়। বুধবার দিনব্যাপী অভিযান পরিচালনা করে জেলার চার উপজেলায় সবগুলো অবৈধ ইট ভাটা বন্ধ করে দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, জেলার চার উপজেলায় ৩৩টি অবৈধ ইটভাটাকে ২০ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা ও একজনকে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়। এরমধ্যে নলছিটি উপজেলার ৯টি ইট ভাটায় ১০ লাখ ৫ হাজার জরিমানা করা হয়েছে ও একজনকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ঝালকাঠি সদরে ৬টি ইটভাটাকে ৩ লাখ ৭০ হাজার টাকা ও রাজাপুরে ৪টি ইটের ভাটাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয় ও কাঁঠালিয়া উপজেলা ২টি ইট ভাটাকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী জেলার ৩৩টি অবৈধ ইটভাটা অভিযান চালিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। একযোগে চার উপজেলা আমাদের ম্যাজিস্টেটরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
