ঠাকুরগাঁওয়ে পরীক্ষার্থীকে তুলে কিশোর গ্যাং-এর হত্যাচেষ্টা
ঠাকুরগাঁওয়ে সুমন ইসলাম নামে এক পরীক্ষার্থীকে অপহরণের পর মারধর করে হত্যার চেষ্টা চালিয়েছে একদল কিশোর। মঙ্গলবার দুপুরে এসএসসি পরীক্ষা শেষে এই ঘটনা ঘটে।
অপহরণের শিকার শিক্ষার্থী সুমন ইসলাম ঠাকুরগাঁও সদর উপজেলার পুশ্চিম বেগুনবাড়ি গ্রামের মখলেসুর রহমানের ছেলে। সে বালাপাড়া দ্বিমুখি উচ্চ বিদ্যালয় হতে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছেন। জানা গেছে, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সুমন ইসলাম পরীক্ষায় অংশ নিতে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে যায়। পরীক্ষা শেষে বের হতেই ১০-১২ জনের একটি কিশোর গ্যাং সুমনকে অপহরণ করে। তারা তাকে শহরের কালিবাড়ি এলাকায় মির্জা রুহুল আমিন মিলনায়তন মাঠে নিয়ে গিয়ে এলোপাতাড়ি মারধর করে এবং দেশীয় অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় জখম করে। এতে তার প্রচণ্ড রক্তপাত হলে হামলাকারীরা পালিয়ে যায়। এ সময় প্রত্যক্ষদর্শীরা আহত সুমন ইসলামকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করান।
এ ঘটনায় সুমনের বাবা মখলেসুর রহমান বাদী হয়ে ১০-১২ জনের বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছে। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ জানান, যেসব কিশোর এসএসসি পরীক্ষার্থী সুমনকে অপহরণ করে কুপিয়ে জখম করেছে তাদের ধরতে পুলিশ মাঠে রয়েছে।
