মাত্র ২ টাকা লাভ করছেন দোকানী কাশেম
রমজানে পণ্য বিক্রি
রমজান মাস উপলক্ষে দুই টাকা লাভে পণ্য বিক্রি করার ঘোষণা দিয়েছেন নরসিংদী জেলার পলাশ উপজেলার মুদি ব্যবসায়ী মোঃ কাশেম মিয়া। ইতোমধ্যে তা কার্যকর ও করেছেন তিনি।
রমজান এলে পণ্যের দাম অতিরিক্ত বাড়িয়ে কিছু অসাধু ব্যবসায়ী ব্যবসা করেন। এই প্রেক্ষিতে রোজাদারদের কথা মাথায় রেখে পুরো রমজান মাস জুড়ে মাত্র দুই টাকা লাভে পণ্য বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন মুদি দোকানী মোঃ কাশেম মিয়া।
নরসিংদীর পলাশ উপজেলার ৪ নং ওয়ার্ড পূর্বভাগ পাড়া এলাকার মুদি ব্যবসায়ী কাশেমের দোকানে ছোলা, ডাল, চিনি ইত্যাদি রমজানের প্রয়োজনীয় পণ্যসহ সবগুলো পণ্য থেকে তিনি কেজি প্রতি মাত্র দুই টাকা লাভ করছেন।
কাশেম মিয়ার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ। ইফতারের সামগ্রী কিনতে প্রতিদিন ভীড় জমাচ্ছেন কাশেম মিয়ার দোকানে। এই রমজান মাসের মতো প্রতি বছর রমজান মাস এলেই দুই/এক টাকা লাভে পণ্য বিক্রি করার ঘোষণা দিয়েছেন কাশেম মিয়া।
