কারামুক্ত হলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান
দীর্ঘ ১৫ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন জামায়াতে ইসলামীর আমির ডা. মোহাম্মদ শফিকুর রহমান। সোমবার দুপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। বিষয়টি নিশ্চিত করেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ এর জেল সুপার মো. শাহজাহান আহমেদ।
ডা. মোহাম্মদ শফিকুর রহমান সিলেট শাহপরান থানার শিবগঞ্জ গ্রামের আবরু মিয়ার সন্তান। কারাগার-১ এর জেল সুপার শাহাজাহান আহমেদ বলেন, তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধীসহ একাধিক মামলা ছিল। আজ সোমবার দুপুরে তিনি কারাগার থেকে জামিনে মুক্তি পান।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ফটকে ডা. মোহাম্মদ শফিকুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, জামায়েত ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারি সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, এডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল এবং গাজীপুর মহানগর জামায়েতের আমির জালাল উদ্দীন প্রমুখ।
উল্লেখ্য, তিনি ২০২২ সালের ১৩ ডিসেম্বর গ্রেপ্তার হয়েছিলেন। এরপর থেকে তিনি দীর্ঘ ১৫ মাস কারাগারে ছিলেন।
