মাটি খুঁড়তেই পাওয়া গেল ১৫টি কুরআন শরীফ
ঝিনাইদহের শৈলকুপায় মাটি খুঁড়ে ১৫টি কুরআন শরীফ উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার (৫মার্চ) উপজেলার দুধসর ইউনিয়নের দুধসর গ্রামে আবাসন প্রকল্পের কাজ করার সময় মাটি খুঁড়তেই পাওয়া যায় পবিত্র কুরআন শরীফ।
স্থানীয়রা জানান, আবাসন প্রকল্পের নতুন ঘর নির্মাণের কাজ চলছিল। প্রকল্পের আওতায় গরীব অসহায়দের জন্য নতুন ঘর নির্মাণের উদ্দেশ্য পুরাতন ঘরগুলো ভেঙে মাটি সরানো হচ্ছিল। সেসময় ভেঁকু গাড়ি দিয়ে মাটি খুঁড়ার সময় কাপড়ে মোড়ানো ব্যাগ সাদৃশ্য বস্তু পাওয়া যায়। তাদের মধ্যে কয়েকজন কৌতূহলবশত: ব্যাগটি খুলে দেখেন। দেখা যায়, ওই ব্যাগগুলোতে ছিলো ১৫টি কুরআন শরীফ। পরে তারা স্থানীয় মসজিদের ইমামকে খবর দিলে তিনি এসে কুরআনগুলো মসজিদে রেখে দেন।

স্থানীয় মসজিদের ইমাম জানান, উদ্ধার করা পবিত্র কুরআনগুলো বেশ পুরাতন। তবে ১৫টি কুরআনের মধ্যে ১৪টি এখনো ভালো রয়েছে।
শৈলকুপা ইউএনও শেখ মেহেদী ইসলাম দ্য নিউজকে জানান, ১৫টি কুরআন উদ্ধারের খবর শুনে ঐ এলাকায় যান তিনি। এসময় কুরআনগুলো স্থানীয় মসজিদসহ আশপাশের মসজিদে পড়ার জন্য রেখে দেওয়া হয় বলেও জানান তিনি।
