দর্শনা সীমান্তে কোটি টাকার স্বর্ণবারসহ যুবক আটক
চুয়াডাঙ্গা জেলার দর্শনা সুলতানপুর বিজিবি টহলদল সীমান্তের পাকারাস্তা থেকে ১০টি স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে। আজ শুক্রবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা বিজিবি-৬ ব্যাটালিয়ান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
বিজিবির টহল কমান্ডার হাবিলদার আ. হাকিম জানান, ওইদিন বিকাল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলার নাস্তিপুর গ্রামের পাকা রাস্তার মোড়ে ওঁৎপেতে থাকি। এ সময় এক যুবক বাইসাইকেল যোগে সীমান্তের দিকে যাওয়ার সময় বিজিবির সন্দেহ হলে আটক করা হয়। পরে জনগণের সামনে তার দেহ তল্লাশি করে কোমরে বাধা ১০ পিস স্বর্ণের বার (১ কেজি ১৬৬গ্রাম) উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ কোটি ১৫ লাখ টাকা।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন-৬ বিজিবি পরিচালক লে. কর্নেল সাঈদ মো. জাহিদুর রহমান পিএসসি জানান, আটক ব্যক্তিকে দর্শনা থানায় মামলা দিয়ে সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত মালামাল চুয়াডাঙ্গা ট্রেজারিতে পাঠানো হয়েছে।
