ছাত্রীর মোবাইল নম্বর না দেওয়ায় মাথা ফাটলো সহপাঠির
নেত্রকোণার মদনে ছাত্রীর মোবাইল নম্বর দিতে অস্বীকার করায় এক ছাত্রের মাথা ফাটিয়ে দিয়েছে আরেক ছাত্র। উপজেলার গোবিন্দশ্রী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। আহত ছাত্রের নাম মারুফ হাসান রাফি (১৩)। সে গোবিন্দশ্রী উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণির ছাত্র ও একই গ্রামের খোকন মিয়ার ছেলে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, গোবিন্দশ্রী গ্রামের রাজ্জাক মিয়ার মাদ্রাসা পড়ুয়া ছেলে রাকিব তার বন্ধুদের নিয়ে গোবিন্দশ্রী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে প্রতিদিন রাস্তায় উত্ত্যক্ত করে। বৃহস্পতিবার সকালেও বিদ্যালয়ে যাওয়ার পথে রাকিব ওই ছাত্রীকে উত্যক্ত করে। এসময় সাথে থাকা রাফির কাছে ছাত্রীটির মোবাইল নম্বর চায়। রাফি মোবাইল নম্বর দিতে অস্বীকার করে। পরে রাকিব তার কয়েকজন বন্ধু নিয়ে বিদ্যালয়ের সামনে এসে রাফিকে মারধর করে। বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা ঘটনাস্থলে গেলে রাকিব চলে যায়। কিছুক্ষণ পর রাকিব তার লোকজন নিয়ে ফিরে আসে। এ সময় সংঘর্ষ বাধলে প্রতিপক্ষের ইটের আঘাতে রাফির মাথা ফেটে যায়।
ভুক্তভোগী ছাত্রী বলেন, ‘বিদ্যালয়ে যাওয়া আসার পথে রাকিবসহ কয়েকটি ছেলে খুবই বিরক্ত করে তাকে। সহপাঠী রাফিকে চাপ দেয় আমার ফোন নম্বর দেওয়ার জন্য। কিন্তু রাফি প্রতিবাদ করায় বিদ্যালয়ের সামনে তাকে মারধর করে। পরে বল্লমসহ বিভিন্ন অস্ত্রাদি নিয়ে আমাদের বিদ্যালয়ের কাছে রাফির ওপর হামলা চালায় রাকিব ও তার বন্ধুরা। এই ঘটনায় আমি বিদ্যালয়ে আসা যাওয়া নিয়ে আতঙ্কে আছি।’
অভিযুক্ত রাকিব মিয়া বলেন, ‘বন্ধুদের নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলাম। তখন রাফি ও তার বন্ধুরা আমাকে অহেতুক মারধর করে। পরে আমি ইলিয়াস ভাইকে নিয়ে ঘটনার মীমাংসা করতে বিদ্যালয়ের সামনে যাই। সেখানে মারামারির ঘটনা ঘটে।’
মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) উজ্জ্বল কান্তি সরকার জানান, একজন ছাত্র আহত হওয়ার ঘটনায় এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
