বিশ্ববিদ্যালয়ে অপ্রয়োজনীয় নতুন বিভাগ খোলা যাবে না: শিক্ষামন্ত্রী
বাস্তব প্রয়োজনীয়তা ছাড়া বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো নতুন বিভাগ চালু করা যাবে না বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘শিক্ষাব্যবস্থাকে কোনোভাবেই বেকারত্বের কারখানায় পরিণত করা যাবে না। বর্তমান বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কর্মসংস্থানের বাজারের চাহিদা বিবেচনায় নিয়ে শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে হবে।’
রোববার (২২ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ‘ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যালায়েন্স’-এর যৌথ উদ্যোগে ‘শিল্প ও শিক্ষাঙ্গনের সহযোগিতা: সরকারের নীতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’ শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয়।
শিক্ষামন্ত্রী বলেন, কর্মসংস্থানের বাজারে যেসব বিষয়ের চাহিদা রয়েছে, পাঠ্যক্রমে সেগুলোর ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। বেকারত্ব দূর করতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ বাস্তবায়ন করবে। এ লক্ষ্য অর্জনে নতুন জ্ঞান সৃষ্টি, উদ্ভাবন এবং বাস্তবমুখী শিক্ষা কার্যক্রমকে সবসময় স্বাগত জানানো হবে। এছাড়া শিক্ষা ও শিল্প খাতের মধ্যে সমন্বয় বাড়িয়ে শিক্ষার্থীদের দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করার ওপর জোর দেন তিনি।
জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে গবেষণা ও উদ্ভাবনের কোনো বিকল্প নেই উল্লেখ করে ড. এহছানুল হক মিলন বলেন, গবেষণার ফলাফল যেন সমাজ ও অর্থনীতিতে সরাসরি অবদান রাখতে পারে, সে জন্য অর্জিত জ্ঞানকে বাণিজ্যিকভাবে কাজে লাগানোর উদ্যোগ নিতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাজেট প্রসঙ্গে মন্ত্রী জানান, বিশ্ববিদ্যালয়টিতে অর্থের কোনো অভাব নেই এবং গবেষণার জন্য পর্যাপ্ত বরাদ্দ রয়েছে। এই বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে কাজে লাগানোর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সেশনজট নিরসনে সংশ্লিষ্টদের গুরুত্ব দিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সেমিনারে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন এবং স্বাগত বক্তব্য দেন ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যালায়েন্সের সভাপতি অধ্যাপক ড. মো. মহিউদ্দিন। অনুষ্ঠানে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রাধ্যক্ষ, বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
