বিএনপি ক্ষমতায় এসেছে বলেই আমি উপাচার্য হয়েছি: জবি ভিসি
"বিএনপি ক্ষমতায় এসেছে বলেই আমি ভাইস চ্যান্সেলর (উপাচার্য) হয়েছি, এতে লুকানোর কিছু নেই"—এমন মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।
শুক্রবার (২০ নভেম্বর) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বিশ্ববিদ্যালয় শাখা ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) এই দোয়া মাহফিলের আয়োজন করে।
অনুষ্ঠানে বিগত ১৫-১৬ বছরের শাসনামলের প্রসঙ্গ টেনে উপাচার্য বলেন, "সমাজে অনেক সুশীল ব্যক্তি ছিলেন, ৫ আগস্টের পর তাঁদের প্রকৃত পরিচয় ও কর্মকাণ্ড আমরা দেখেছি। মানুষের আত্মপরিচয় গোপন করার কিছু নেই। আমারও একটি পরিচয় আছে—আমি বিগত দিনে আওয়ামী লীগের জুলুম সহ্য করেছি।"
প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার প্রয়োজনীয়তা তুলে ধরে ড. মো. রইছ উদ্দীন বলেন, বিগত দেড় দশকে দেশের নাগরিকদের অধিকার, মর্যাদা, বাকস্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন হয়েছিল। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার প্রতিরোধের মধ্য দিয়ে আল্লাহ দেশবাসীকে সেই পরিস্থিতি থেকে মুক্তি দিয়েছেন। তিনি বলেন, "যিনি নতুন বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখাচ্ছেন এবং দেশ পরিচালনা করছেন, আজ তাঁর জন্মদিন। দেশের সুখ, সমৃদ্ধি ও উন্নয়নের স্বার্থেই তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব।"
দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জবি উপাচার্য বলেন, গত দুই বছর অনেকেই দেশে নির্বিঘ্নে বসবাস করলেও সম্প্রতি বিভিন্ন স্থানে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চলছে। নড়াইলে স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে পিটিয়ে হত্যা, সংসদ সদস্যের বাড়ি ও হাসপাতালে অগ্নিসংযোগ এবং কারাগারে হামলার চেষ্টার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে।
অতীতের ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি ঠেকাতে নাগরিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিগত ১৫-১৬ বছরের ফ্যাসিবাদী আচরণ যেন আর ফিরে না আসে, সে জন্য সচেতন নাগরিকদের রুখে দাঁড়াতে হবে এবং যেকোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে।
