ঢাকা কলেজের সব সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর
ঐতিহ্যবাহী ঢাকা কলেজের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষকসংকট নিরসন এবং পুরোনো ভবন ও ছাত্রাবাসের নিরাপত্তা ঝুঁকি দূর করার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
শুক্রবার (২০ নভেম্বর) বেলা ১১টায় ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ঢাকা কলেজ দেশের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হলেও গত ২০ বছরে এর উন্নয়নে তেমন কোনো কাজ হয়নি। অনুষ্ঠানে উপস্থিত হয়েই তিনি প্রধান প্রকৌশলীর কাছে কলেজের উন্নয়ন কাজের খোঁজ নেন এবং জানতে পারেন যে, প্রতিষ্ঠানটির জন্য উল্লেখযোগ্য কিছুই করা হয়নি।
কলেজটির পক্ষ থেকে উত্থাপিত বিভিন্ন দাবির কথা তুলে ধরে শিক্ষামন্ত্রী জানান, অবকাঠামোগত উন্নয়নে দুটি ১০ তলা একাডেমিক ভবন, দুটি ১০ তলা ছাত্রাবাস এবং একটি মাল্টিপারপাস হল নির্মাণের দাবি জানানো হয়েছে। এর আগে সাবেক শিক্ষার্থীরাও দুটি হল নির্মাণের একটি নকশা মন্ত্রণালয়ে জমা দিয়েছেন। এ ছাড়া তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, ইংরেজি ও সমাজবিজ্ঞান বিভাগে অন্তত তিনজন করে শিক্ষক নিয়োগ এবং বিদ্যমান গ্যালারিগুলোর ঊর্ধ্বমুখী সম্প্রসারণের প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ স্থাপনা মেরামত, বিশুদ্ধ পানি, বিদ্যুৎ, অগ্নিনিরাপত্তা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার বিষয়গুলোও দাবির তালিকায় রয়েছে।
শিক্ষা খাতে সরকারের বাজেট বরাদ্দের প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। এ কারণে এবার শিক্ষা খাতে রেকর্ড পরিমাণ বাজেট দেওয়া হয়েছে, যা মোট বাজেটের ২ শতাংশ। এর আগের বছরগুলোতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ও আইসিটি মন্ত্রণালয়ের বাজেট যুক্ত করেও বরাদ্দ ছিল মাত্র ১ দশমিক ৩৯ শতাংশ। বর্তমানে বাজেটের কোনো অভাব নেই উল্লেখ করে তিনি বলেন, "দেওয়ার পালা শেষ, এবার নেওয়ার পালা; এখন শুধু সদিচ্ছার বাস্তবায়ন জরুরি।"
শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাতে সরকার কাজ করছে জানিয়ে শিক্ষামন্ত্রী দাবি করেন, ঢাকা কলেজে শিক্ষক নিয়োগ বা শিক্ষার্থী ভর্তিতে কোনো ধরনের দলীয়করণ, স্বজনপ্রীতি বা তদবির প্রশ্রয় দেওয়া হয়নি। শুধু ঢাকা কলেজ নয়, রাজধানীর বৃহত্তর আটটি কলেজকেই মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তরের পরিকল্পনা নেওয়া হচ্ছে।
ঢাকা কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষক, বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, রাষ্ট্রপতি যেহেতু এই প্রতিষ্ঠানের ছাত্র ও শিক্ষক ছিলেন, তাই কলেজটিকে কীভাবে সাজানো যায় সে বিষয়ে তাঁর পরামর্শ অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয় কাজ করবে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা ও পরীক্ষার মাধ্যমে নিজেদের যোগ্য করে গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমান শিক্ষার্থীদের মধ্য থেকেই আগামী দিনের যোগ্য নেতৃত্ব তৈরি হবে এবং তাঁরাই ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তুলবেন।
