বেগম জিয়ার উপহার দেওয়া ইবির সেই প্রথম বাসের নিলাম বাতিল
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবহন পুলে যুক্ত হওয়া প্রথম বাসটির নিলাম বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গণমাধ্যমে বাসটি নিলামে বিক্রির খবর প্রকাশিত হওয়ার পর শিক্ষার্থীদের আবেগ ও ঐতিহ্যের কথা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
১৯৯৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপহার দেওয়া ঐতিহাসিক এই বাসটি স্মৃতি হিসেবে সংরক্ষণের নির্দেশনা দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মতিনুর রহমান।
বুধবার (১৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত রোববার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের তিনটি পুরোনো নন-এসি বাস, পুরোনো টায়ার-টিউব ও লোহালক্কড় বিক্রির জন্য উন্মুক্ত নিলামের আয়োজন করা হয়। ওই নিলামে ‘কুষ্টিয়া চ-০০১’ নিবন্ধন নম্বরের প্রথম বাসটিও বিক্রি হয়ে যায়। দীর্ঘদিন ধরে বাসটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে থাকলেও বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যের অংশ হিসেবে এটি সংরক্ষণের দাবি জানিয়ে আসছিলেন শিক্ষার্থীরা।
উল্লেখ্য, এর আগে ২০২৪ সালেও শিক্ষার্থীরা গণস্বাক্ষর সংবলিত একটি স্মারকলিপি উপাচার্য বরাবর জমা দিয়ে বাসটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ভাস্কর্যের আদলে সংরক্ষণের দাবি জানিয়েছিলেন। তবে সে সময় প্রশাসন জানিয়েছিল, বাসটি স্থাপনা হিসেবে সংরক্ষণ করা হলে এর পরিবর্তে নতুন বাস পাওয়া যাবে না।
নিলাম বাতিলের বিষয়ে পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আব্দুর রউফ বলেন, “সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপহার দেওয়া বাসটির নিলাম বাতিল করা হয়েছে। এটি বিশ্ববিদ্যালয়ের স্মৃতি হিসেবে সংরক্ষণ করতে উপাচার্য মহোদয় নির্দেশনা দিয়েছেন। খুব শিগগিরই এই নির্দেশনা কার্যকর করা হবে।”
